ভিডিও শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২২ আগস্ট, ২০২৬ ১২:২৬ এএম

পঞ্চগড়ের বোদার নাজিরপাড়া এখন অতিথি পাখির স্বর্গরাজ্য

পঞ্চগড়ের বোদার নাজিরপাড়া এখন অতিথি পাখির স্বর্গরাজ্য

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার পৌর এলাকার নাজিরপাড়া গ্রামে সকাল শুরু হয় শত শত পাখির ডাকে। গাছের ডালে ডালে বাসা, ডানা ঝাপটানো আর কিচিরমিচির শব্দে মুখরিত থাকে চারপাশ। যা দেখতে প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন ভ্রমণপিপাসুরা। প্রায় দেড় দশক ধরে প্রতি বছর বংশবিস্তারের জন্য নানা প্রজাতির দেশি ও অতিথি পাখি এ গ্রামকে নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিচ্ছে।

সরেজমিনে দেখা যায়, গ্রামের বড় বড় গাছজুড়ে অসংখ্য বাসা। শামুকখোল, বিভিন্ন প্রজাতির বক, পানকৌড়ি, রাতচরা, ঘুঘুসহ নানা পাখির অবাধ বিচরণ। যাদের কেউ আসে সাইবেরিয়া থেকে, কেউ বা হিমালয়ের পাদদেশীয় অঞ্চল থেকে।

সকালে সূর্যের আলো ফুটতেই শুরু হয় তাদের কিচিরমিচির, আর বিকেলে আকাশজুড়ে তাদের উড়াউড়ি যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। প্রতিটি গাছেই চোখে পড়ে অসংখ্য বাসা। কোথাও সদ্য ফোটা ছানারা মাথা উঁচু করে বসে আছে, কোথাও মা পাখি ছানার মুখে খাবার তুলে দিচ্ছে। এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে প্রকৃতিপ্রেমী, দর্শনার্থী ও আলোকচিত্রীদের ভিড় জমে এ গ্রামে।

স্থানীয়দের ভাষ্য, প্রতি বছর জুন-জুলাই মাসে এসব পাখি আসে নাজিরপাড়া গ্রামে। গাছের ডালে বাসা বেঁধে ডিম পাড়ে, ছানা ফোটায় এবং প্রায় ছয় থেকে সাত মাস অবস্থান করে। এরপর নভেম্বর-ডিসেম্বর মাসে বংশবিস্তার শেষ হলে আবার নিজ নিজ আবাসস্থলে ফিরে যায়। এভাবেই প্রায় ১৫ বছর ধরে চলছে তাদের আসা-যাওয়া।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান আজাদ বলেন, প্রায় ১০ থেকে ১৫ বছর ধরে প্রতিবছরই এসব পাখি এখানে আসে। বাইরে থেকে অনেকেই পাখি শিকার করতে এলেও গ্রামের তরুণ ও অভিভাবকরা মিলে তা প্রতিহত করেন। তিনি বলেন, সকালে পাখির ডাকেই আমাদের ঘুম ভাঙে। তবে পাখির মলমূত্রে রাস্তা ও আশপাশের পরিবেশ নোংরা হয়, দুর্গন্ধও ছড়ায়। পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ব্লিচিং পাউডার ছিটানোর ব্যবস্থা করা হলে ভোগান্তি কমবে।

আরও পড়ুন

হাবিবুল আলম বলেন, এই পাখির কারণেই নাজিরপাড়া আজ পরিচিতি পেয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসেন। তবে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের উদ্যোগ প্রয়োজন। গ্রামের মানুষ নিয়মিত পাখিদের খাবারও দেন। পাখি দেখতে আসা ফারুক ইসলাম বলেন, বিকেলের সময় নাজিরপাড়ার পরিবেশ সত্যিই দারুণ। শত শত পাখির কিচিরমিচির আর গাছজুড়ে তাদের বিচরণ যে কাউকে মুগ্ধ করবে।

বোদা উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার এলাকা পরিদর্শন করে বাসিন্দাদের সাথে কথা বলা হয়েছে এবং পাখি সংরক্ষণে সচেতন করা হয়েছে। স্থানীয়রাও পাখিগুলোর নিরাপত্তার বিষয়ে আন্তরিক।

কেউ যাতে পাখিদের বিরক্ত না করে, সে বিষয়ে তারা বাইরের দর্শনার্থী ও পর্যটকদেরও সচেতন করেন। তিনি আরও বলেন, যেসব গাছে পাখিগুলো বাসা বাঁধে, সেসব গাছ সংরক্ষণের বিষয়ে প্রশাসন গুরুত্ব দিচ্ছে। গাছ না কাটার জন্য বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে এবং এ বিষয়ে সচেতনতামূলক সভাও করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের বোদার নাজিরপাড়া এখন অতিথি পাখির স্বর্গরাজ্য

তথ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ভুল ওষুধে কৃষকের ১৫ শতক জমির ধান নষ্ট

বগুড়ার দুপচাঁচিয়ায় আউশের পাকা ধানের ক্ষেতে ঝাঁকে ঝাঁকে বাবুই পাখি, দিশেহারা কৃষক

লালমনিরহাটে ক্লিনিক পরিচালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ