ঈশ্বরদীতে মহানন্দা ট্রেনে শানটিং ইঞ্জিনের ধাক্কা, আহত ১৫
পাবনার ঈশ্বরদী জংশন স্টেশনে দাঁড়িয়ে থাকা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে শানটিং ইঞ্জিনের ধাক্কায় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যার পর এ দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর যাত্রীদের ধাওয়ায় শানটিং ইঞ্জিনের লোকোমাস্টার পালিয়ে গেলেও পরে আবার ফিরে আসেন।
ঈশ্বরদী জংশন স্টেশনের স্টেশন মাস্টার মো. আসলাম হোসেন জানান, খুলনা থেকে রাজশাহীগামী মহানন্দা এক্সপ্রেসটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন দিক থেকে একটি শানটিং ইঞ্জিন এসে সজোরে ট্রেনটিকে ধাক্কা দেয়। এতে ১৫ জন যাত্রী আহত হন।
খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে মহানন্দা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।
ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ওসি মো. জিয়াউর রহমান জানান, দুর্ঘটনার পর যাত্রীরা শানটিং ইঞ্জিনের চালককে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। পরে আবার ঘটনাস্থলে ফিরে আসেন।
আরও পড়ুনদুর্ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল। তিনি আহত যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসা ও সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পরে রেল কর্মকর্তা-কর্মচারী ও রেলওয়ে পুলিশের সদস্যদের সঙ্গেও কথা বলেন।
এ সময় এমপি বলেন, রেলযাত্রীদের নিরাপত্তার সঙ্গে কোনো ধরনের আপস করা যাবে না। শানটিং ইঞ্জিন কীভাবে মহানন্দা এক্সপ্রেসের পেছনে গিয়ে ধাক্কা দিল, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। দায়িত্বে কারও অবহেলা থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনাও দেন অধ্যাপক আবু তালেব মন্ডল।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







