মানিকগঞ্জে শহিদ মিনার থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মফস্বল ডেস্ক : মানিকগঞ্জ শহরের সদর উপজেলার ধলেশ্বরী মাঠের শহিদ মিনার থেকে শিহাবের (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা, সে বিষয়ে তদন্ত চলছে। আজ রোববার (৯ আগস্ট) সকালে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত শিহাব মানিকগঞ্জ পৌরসভার হিজুলি এলাকার সেলিম মিয়ার ছেলে। সে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড কাঁচাবাজারে মাছ কাটার কাজ করত।
পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন ধরে শিহাব নিয়মিত বাড়িতে থাকছিল না। বন্ধুদের সঙ্গে বাড়ির বাইরে রাত কাটাত সে। ঘটনার আগের রাতেও বন্ধুদের সঙ্গে বাইরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় শিহাব। শিহাবের মা জানান, ওই রাতে বন্ধুদের সঙ্গে বেউথা এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে তার কাছে ৫০০ টাকা চেয়েছিল ছেলে। কিন্তু বাড়িতে ওই পরিমাণ টাকা না থাকায় তিনি টাকা দিতে পারেননি। এতে মন খারাপ করে বন্ধুদের সঙ্গে বেরিয়ে যায় শিহাব। সকালে ঘুম থেকে উঠে তিনি জানতে পারেন, সদর উপজেলার জাগীরের ধলেশ্বরী মাঠের শহিদ মিনারের একটি স্তম্ভে তার ছেলের লাশ ঝুলছে।
আরও পড়ুনমানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন









