রংপুরের বদরগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর আত্মহত্যা, গ্রেফতার স্বামী
বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বড় শিবপুর এলাকার গুয়াতিপাড়ায় গতকাল শুক্রবার রাতে মিমি আক্তার নামে (২৫) এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে থানায় অভিযোগ করা হয়েছে। গৃহবধূর বাবা আনিছুল ইসলাম বাদি হয়ে বদরগঞ্জ থানায় আত্মহত্যায় প্ররোচণার একটি মামলা দায়ের করেছেন। মামলায় পুলিশ গৃহবধূর স্বামী রমজান আলীকে (৩৫) গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা যায়, যৌতুকের দাবীতে স্বামী রমজান প্রতিনিয়ত মিমিকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকেন। এ নিয়ে ২০২৪ সালে বদরগঞ্জ থানায় মেয়ের জীবনের নিরাপত্তার জন্য বাবা আনিছুল একটি সাধারণ ডায়েরি করেন।
সর্বশেষ গত বৃহস্পতিবার সকালেও একই দাবিতে তাকে মারধর করায় শুক্রবার দুপুরে বাবা আনিছুল ইসলামসহ আরো দু’জন রমজানের বাড়িতে গেলে তাদের ভিতরে ঢুকতে না দিয়ে অপমান করে তাড়িয়ে দেয়া হয়। মধ্যরাতে খবর আসে মিমি আর জীবিত নেই। এঘটনায় বাবা আনিছুল ইসলাম বাদি হয়ে বদরগঞ্জ থানায় রমজানের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মামলা দায়ের করেছেন। তাৎক্ষণিকভাবে পুলিশ মিমির মরদেহ উদ্ধারের পাশাপাশি রমজানকে গ্রেফতার করেছে।
আরও পড়ুনবদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, নিহতের শরীরে ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে। গলায় যে চিহ্ন রয়েছে তাতে মনে হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। এটি রমজানের দ্বিতীয় বিয়ে। এর আগের বউকেও সম্ভবতঃ শারীরিক নির্যাতন করত বলে জানতে পেরেছি।
মন্তব্য করুন







