ফ্যাসিবাদী শাসক প্রকৃত শিক্ষা থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করেছে : সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিষ্টার ফারজানা শারমীন বলেছেন, বিগত ১৭ বছর ধরে দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। বর্তমান সরকার শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক উৎকর্ষতার কাজ শুরু করেছি।
প্রতিমন্ত্রী আজ শনিবার নাটোরের লালপুর বিলায়েত খান উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৭ বছর ধরে এদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। শিক্ষার্থীদের শিক্ষা বিমুখ করে রাখা হয়েছে। ফলশ্রতিতে মানসিক শক্তি হারিয়ে হতাশা থেকে তারা অনলাইন জুয়া আর মাদকের ভয়াল ছোবলের শিকার হয়েছে। ফ্যাসিবাদী শাসক প্রকৃত শিক্ষা থেকে শিক্ষার্থীদের বঞ্চিত করেছে। কারণ প্রকৃত শিক্ষা পেলে তারা কথা বলতে শিখবে, মেরুদন্ড সোজা করে অন্যায়ের প্রতিবাদ করতে শিখবে।
ফারজানা শারমীন বলেন, বিগত ১৭ বছর শিক্ষার্থীদের মাথায় পড়াশুনার বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, জিপিএ ফাইভ প্রাপ্তির যুদ্ধ ক্ষেত্রের যোদ্ধা করা হয়েছে। অনেক শিক্ষার্থী এই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যাও করেছে। আমরা এমন শিক্ষা ব্যবস্থা চাই না। আমরা চাই, আনন্দমুখর পরিবেশে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহন করবে।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি তাদের মানসিক উৎকর্ষতার জন্যে পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে গুরুত্ব প্রদান করেছেন। তাদেকে শিল্প-সাহিত্য-সংস্কৃতি এবং ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করছেন। এজন্যে টেলিভিশনে নতুন কুঁড়ি আয়োজন করেছেন। নতুন কুঁড়ির শিল্প-সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার গন্ডি পেরিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা সারা দেশের খেলার মাঠে পৌঁছে গেছে। আমরা চাই, সৃজনশীল কার্যক্রমের চর্চা এবং প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারিরিক ও মানসিক উৎকর্ষতা সাধিত হবে। তাদের শারিরিক ও মানষিক উৎকর্ষতার মাধ্যমে বুদ্ধিদীপ্ত মেধাবী জাতি গড়ে উঠবে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, পড়াশুনার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। তাদেরকে প্রাইভেট পড়ানো থেকে বিরত থাকতে হবে। দূর্বল শিক্ষার্থীদের জন্যে শ্রেণীকক্ষে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে হবে। আমাদের সন্তানদের সম্পদে পরিণত করতে শিক্ষকদের আন্তরিক হতে হবে।
প্রতিমন্ত্রী দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। তিনি এবি ইউনিয়ন বিএনপি’র কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। কর্মী সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশীদ পাপ্পু এবং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1786194345.jpg)


_medium_1786193251.jpg)


