শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
কক্সবাজারে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মাদক ব্যবসার মূলহোতাদের চিহ্নিত করে নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। বিশেষ টাস্কফোর্সের তৈরি করা ওই তালিকার ভিত্তিতে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউসে জেলা প্রশাসন আয়োজিত ‘মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়ন সংক্রান্ত সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইয়াবার কারণে দেশের যুবসমাজ মাদকাসক্তির দিকে যাচ্ছে। মাদকের বিস্তার রোধ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
সভায় কক্সবাজারে মাদক প্রতিরোধে গঠিত বিশেষ টাস্কফোর্সের সমন্বিত সিদ্ধান্তগুলো তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। এতে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলো যুক্ত রয়েছে।
তিনি জানান, মাদক চোরাচালানে ব্যবহৃত গুরুত্বপূর্ণ রুটগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর ক্যাম্প স্থাপন করা হবে। স্থলপথের পাশাপাশি জলপথেও নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদার করা হবে। একই সঙ্গে মাদক পরিবহনে বাহক বা ‘ক্যারিয়ার’ হিসেবে যারা কাজ করছে, তাদেরও শনাক্ত করা হবে।
আরও পড়ুনসভার সিদ্ধান্ত অনুযায়ী, মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূলহোতাদের পাশাপাশি চোরাচালানের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
সভায় কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, জেলা প্রশাসক আব্দুল মান্নানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে দুই দিনের সরকারি সফরে বৃহস্পতিবার সন্ধ্যায় কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সফরের দ্বিতীয় দিন শুক্রবার সকালে তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করবেন। পরে কউকের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন করবেন। এরপর কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। দুপুরে হিলডাউন সার্কিট হাউসে মতবিনিময় শেষে সন্ধ্যায় বিমানযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







_medium_1786024018.jpg)
_medium_1786029990.jpg)