ঠাকুরগাঁওয়ে হায়না সদৃশ্য বন্যপ্রাণির হামলায় আহত ১০
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় হায়না সদৃশ্য একটি বন্য প্রাণির আক্রমণে অন্তত ১০জন আহত হয়। গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার সহোদর, দোশিয়া ও বুড়িপুকুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, রাতের খাবার শেষে কেউ বাড়ির আঙিনায়, কেউ আবার পাশের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এসময় হঠাৎ একটি বন্যপ্রাণি লোকজনের ওপর ঝাঁপিয়ে পড়ে শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। প্রাণিটি দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে ছুটে গিয়ে একাধিক ব্যক্তিকে আক্রমণ করে। পরে কয়েকটি বাড়িতে ঢুকে শিশু ও ছাগলের ওপরও হামলা চালায়।
আহতদের মধ্যে বুড়িপুকুর এলাকার ময়রমা (৭৫), জমেলা (৭০), আরিফ, মশিউর ও মকবুলের নাম জানা গেছে। স্থানীয়দের দাবি, আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে। বুড়িপুকুর গ্রামের আল মামুন জানান, প্রাণিটি অত্যন্ত হিংস্র আচরণ করছিল। মানুষ দেখলেই তেড়ে গিয়ে কামড় দিচ্ছিল। একপর্যায়ে গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া করলে প্রাণিটি এলাকা ছেড়ে পালিয়ে যায়।
আরও পড়ুনরাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শরিফুল ইসলাম বলেন, আহতদের ক্ষতস্থান পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হায়না জাতীয় কোনো বন্যপ্রাণির কামড় হতে পারে।
আক্রান্তদের প্রয়োজন অনুযায়ী অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের ক্ষেত্রে অ্যান্টি-র্যাবিস ভ্যাকসিনের পাশাপাশি অ্যান্টি-র্যাবিস ইমিউনোগ্লোবিউলিনও প্রয়োগ করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যার পর অনেকেই ঘরের বাইরে বের হতে সাহস পাচ্ছেন না। বন্য প্রাণিটির সন্ধানে স্থানীয়রা সতর্ক অবস্থান নিয়েছেন।
মন্তব্য করুন




_medium_1785845580.jpg)

_medium_1785844002.jpg)

