গাইবান্ধার পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ হারাচ্ছে প্রাণচাঞ্চল্য
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের প্রাণকেন্দ্র উপজেলা চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার মাঠ দীর্ঘদিন ধরে পানিতে ডুবে রয়েছে। সামান্য বৃষ্টিতেই মাঠজুড়ে পানি জমে থাকায় খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পৌর শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই স্থানে দীর্ঘদিনের জলাবদ্ধতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অব্যবস্থাপনার প্রতিচ্ছবি। ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে প্রতিবছর একুশে ফেব্রুয়ারিতে হাজারো মানুষ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। অথচ বছরের অধিকাংশ সময় পানি জমে থাকায় মাঠটির সৌন্দর্য ও মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে।
মাঠের পাশে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) কার্যালয় এবং বিশ্ব সাহিত্য কেন্দ্র থাকায় প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচল করতে হয়। দীর্ঘদিন পানি জমে থাকায় তারা চরম ভোগান্তিতে পড়ছেন।
আরও পড়ুনবিশ্ব সাহিত্য কেন্দ্রের সাইদার রহমান বলেন, মাঠে দীর্ঘদিন পানি জমে থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
স্থানীয়দের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা করে মাঠটি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও জনসাধারণের ব্যবহারের উপযোগী করা হোক। পাশাপাশি ভাষা আন্দোলনের এই স্মৃতিবিজড়িত স্থানের মর্যাদা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
মন্তব্য করুন








