ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বিএনপি: শফিকুর রহমান
ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে বিএনপি হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে তারাও হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে।
আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান। ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে’ এই সমাবেশ হয়।
সমাবেশে বিএনপিকে সতর্ক করে জামায়াতের আমির বলেন, ‘আমরা হাসিনা তাড়িয়েছি, যদি আপনারা (বিএনপি সরকার) ফ্যাসিবাদ কায়েম করেন, আপনাদেরও জনগণ তাড়াবে।’
শফিকুর রহমান বলেন, ‘জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। ইনশা আল্লাহ, গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে।’
আরও পড়ুনবিরোধীদলীয় নেতা বলেন, ‘আপনাদেরকে ছেড়ে জনগণ কথা বলবে না, ভালোয় ভালোয় আপনারা মেনে নিন। এই দেশের মানুষ জীবন দিয়ে পঙ্গুত্ববরণ করে গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহীদদের সঙ্গে বেইমানি করব না। জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করব না। ১৮ কোটি মানুষের সঙ্গে বেইমানি করব না। আমরা কথা রাখব ইনশা আল্লাহ। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখব ইনশা আল্লাহ।’
মুক্তির মঞ্জিলে না পৌঁছা পর্যন্ত ১১-দলীয় ঐক্যের আন্দোলন থামবে না উল্লেখ করে শফিকুর রহমান বলেন, ঢাকার জন্য ডাক (সমাবেশ) আসবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্র থেকে তীব্রতর হবে।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান সিলেটের উন্নয়নবঞ্চনা নিয়ে ক্ষোভ জানান। তিনি বলেন, প্রবাসীবহুল এলাকা হিসেবে নামমাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখনো তা পূর্ণাঙ্গতা পায়নি। অবিলম্বে সিলেট ওসমানী বিমানবন্দরকে প্রকৃতভাবে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে হবে। ঢাকা–সিলেট মহাসড়কের দ্রুত সংস্কার এবং তা ছয় লেনে উন্নীত করা, সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবি জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








