দিনাজপুরের বিরামপুর সীমান্তে ৯ ভারতীয় নারীর পুশইন ঠেকাল বিজিবি
মফস্বল ডেস্ক : দিনাজপুরের বিরামপুরে ভাইগড় সীমান্ত দিয়ে ৯ নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধায় ওই চেষ্টা ব্যর্থ হয়।
আজ শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ভাইগড় সীমান্তের ঘাসুড়িয়া বিওপির আওতাধীন ২৯১ নম্বর সীমান্ত পিলারের ২০-এস এলাকায় এ ঘটনা ঘটে।
ঘাসুড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার টি. আলম জানান, ভোরে ভারতের শ্রীরামপুর এলাকা থেকে একজন হিজড়া ও আট নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। এসময় বিজিবি সদস্য ও স্থানীয় গ্রামবাসী তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা তাদের আবার ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেয়। এরপর সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়। এতে সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শেষ পর্যন্ত পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই ৯ জন ভারতীয় সীমান্তে ফিরে যায়।
আরও পড়ুনস্থানীয় বাসিন্দারা জানান, ভোরে বিজিবির বাঁশির শব্দ শুনে তারা ঘুম থেকে উঠে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, ৯ জন নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। পরে গ্রামবাসী ও বিজিবি সদস্যরা তাদের প্রতিহত করেন।
স্থানীয় কাটলা ইউপি পরিষদের সদস্য শুকুর আলী বলেন, শনিবার ভোরে বিজিবি ও স্থানীয়দের বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ হয়। পরে সীমান্তে বিএসএফ সদস্যদের উপস্থিতি বাড়ায় কিছুটা উত্তেজনা তৈরি হয়।
মন্তব্য করুন









