ভিডিও বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২২ জুলাই, ২০২৬ ০৯:২২ পিএম

ট্রেনে বেপরোয়া অপরাধী চক্র, সক্রিয় নারী সদস্যরাও

ট্রেনে বেপরোয়া অপরাধী চক্র, সক্রিয় নারী সদস্যরাও

স্টাফ রিপোর্টার: বিভিন্ন রুটের ট্রেনে চোর,ছিনতাইকারী চক্রের তৎপরতা বেড়ে গেছে। বিশেষ করে রাতে যাত্রীবাহী ট্রেনগুলোতে যাত্রীদের মোবাইল ফোন, মানিব্যাগ ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটছে প্রায়ই। ট্রেন কেন্দ্রিক অপরাধ বগুড়াতেও বাড়ছে। এই অপরাধীরদের একটি বড় অংশই নারী। তাদের কয়েকটি গ্রুপ এ ধরনের অপরাধে যুক্ত।

ইতোমধ্যে বগুড়ায় ট্রেনে ছিনতাই ঘটনায় গত ১৮ জুলাই ধরা পড়ে তিন নারী ছিনতাইকারী। এর আগে ১৭ জুলাই বগুড়ায় ট্রেনে ওঠার সময় এক নারী যাত্রীর কাছ থেকে সোনার চেইন ছিনতাই হয়। পরে বগুড়া রেল স্টেশনে স্থাপিত সিসিটিভির ফুটেজের সূত্র ধরে গ্রেফতার করা হয় বোরকা পড়া তিন নারীকে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য।

তারা বলেছে তাদের কয়েকটি গ্রুপ আছে। সেই গ্রুপে নারী ও শিশু-কিশোরও রয়েছে। এলাকা ভাগ করে দেশের বিভিন্ন স্থানে তারা ট্রেনে ও স্টেশন প্লাট ফরমে যাত্রীদের কাছ থেকে মোবাইল ফোন ও মানিব্যাগসহ মুল্যবান জিনিসপত্র ছিনতাই বা চুরি করে থাকে।

বগুড়া স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাবুলুর রহমান দৈনিক করতোয়াকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বগুড়া রেলওয়ে স্টেশনে ট্রেনে এক যাত্রীর কাছ থেকে সোনার চেইন ছিনতাই হয়। পরে এঘটনায় সিসিটিভি ফুটেজের সহায়তায় ওই তিন নারীকে গ্রেফতার করে রেলওয়ে পুলিশ। তবে এঘটনায় ভুক্তভোগী ওই যাত্রী থানায় কোন মামলা দায়ের করেননি। তিনি মামলায় অনিহা প্রকাশ করেন।

যে কারণে ওই তিন আসামিকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। তিনি বলেন,গত ১৭ জুলাই বগুড়া রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে লোকাল কলেজ ডাউন ট্রেনে ওঠার সময় ওই নারী যাত্রীর একটি সোনার চেইন সংঘবদ্ধভাবে ছিনিয়ে নেয় নারী চক্রের তিন সদস্য। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে স্টেশনের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করে পুলিশ।

এরপর গত ১৮ জুলাই গাইবান্ধার বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী লোকাল কলেজ ডাউন ট্রেন বগুড়া স্টেশনে পৌঁছুলে বিশেষ অভিযান চালিয়ে ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে ওই তিন নারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো হবিগঞ্জ জেলার বাঘাচুড়া গ্রামের রফিকের স্ত্রী তাসলিমা বেগম, একই জেলার মানিকপুর গ্রামের স্বপ্না বেগম (২১) এবং একই গ্রামের  সাফিয়া (১৮)।

আরও পড়ুন

বগুড়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাজেদুর রহমান দৈনিক করতোয়াকে বলেন, ট্রেনে এই চক্রের কবলে পড়ে অনেক যাত্রী সর্বশান্ত হন। শুধু নারীই নয়, এক চক্রে একই পরিবারের সদস্যরাও যুক্ত আছে। বউ ও শিশু সন্তান নিয়ে ট্রেনে এই ধরণের অপরাধ করে। তিনি বলেন,কিছুদিন আগে বগুড়া স্টেশন থেকেও একই পরিবারের ৭-৮ জন সদস্যকে আটক করে রেলওয়ে ফাঁড়ির মাধ্যমে আদালতে পাঠানো হয়।

তিনি বলেন, বগুড়া ও আশেপাশের জেল্য়া ট্রেনে এ ধরনের অপরাধ বেশি করে থাকে সিলেট ও হবিগঞ্জ থেকে আসা যাত্রীবেশী এই চক্রের সদস্যরা। ধরা পড়া সদস্যদের প্রায় সবার বাড়ি হবিগঞ্জ ও সিলেটে। আটকের পর জিজ্ঞাসাবাদে তারা এমন তথ্য দেয়।

বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই বাবুলুর রহমান আরো বলেন, চুরি ছিনতাইয়ের ঘটনা নিয়ন্ত্রণে বগুড়ায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে, তবে চক্রটি অত্যন্ত সুসংগঠিত এবং বেপরোয়া। তারা চলন্ত ট্রেনে হঠাৎ উঠে অপরাধ সংঘটন করে দ্রুতই পালিয়ে যায়, ফলে শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। অন্যদিকে যাত্রীরা সুনির্দিষ্ট কোনো অভিযোগ না দেওয়ায় ব্যবস্থা নেওয়া যায় না। পরবর্তীতে আইনী ঝামেলা মনে করে ভুক্তভোগীরা থানায় মামলা করেন না। যেকারনে তারা সাজা পায়না।

মামলা না করায় পুলিশ ওই আসামিদের সন্দেহজনক ভাবে ৫৪ ধারায় তাদেরকে আদালতে পাঠিয়ে দেয়। পরে ২-৪ দিন জেল খেটে বের হয়ে তারা ফের একই ধরনের অপরাধ করে থাকে। তিনি আরো বলেন, ‘ট্রেনকেন্দ্রিক চুরি-ছিনতাই প্রতিরোধে বগুড়ায় রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে। নিয়মিত অভিযান পরিচালনা করা হয়। স্টেশনের পাশাপাশি ট্রেনেও পোশাকধারী পুলিশ পাহারা দেয়। সাদা পোশাকেও রেলওয়ে পুলিশ থাকে।

বগুড়ায় ট্রেনের যাত্রী আবদুর রাজ্জাক দৈনিক করতোয়াকে বলেন, পুলিশ বন্দুক নিয়ে শুধু ট্রেনের ভেতর ঘোরাফেরা করেন। কেবিনের আসন খালি পেলে দখল করে ঘুমিয়ে পড়েন। কখনো টিকিট ছাড়া যাত্রীর কাছ থেকে টাকা আদায় করে পকেটে ভরে নেন। কিন্তু যাত্রীদের নিরাপত্তা দিতে পারেননা। ট্রেনে বা প্লাটফরমে যাত্রীদের আরো নিরাপত্তা দিতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন খাত হবে পরিকল্পিত ও দুর্নীতিমুক্ত: প্রধানমন্ত্রী

বগুড়ায় কোর্ট চত্তর থেকে চার লক্ষাধিক টাকার জালনোটসহ একজন গ্রেফতার

ফুটবলকে বিদায় জানিয়ে অবসর নিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো

এজলাসে বসে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!

ট্রেনে বেপরোয়া অপরাধী চক্র, সক্রিয় নারী সদস্যরাও

বিসিবিতে ফিরলেন খালেদ মাহমুদ সুজন