দিল্লির আন্দোলনে পুলিশের প্রশংসা করলেন কঙ্গনা রানাওয়াত
বিনোদন ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে সংসদ ভবনের নিরাপত্তা পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। আন্দোলনকারীরা সংসদ ভবনের দিকে অগ্রসর হলে নিরাপত্তার স্বার্থে ভবনের প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি সামাল দেওয়ায় দিল্লি পুলিশের প্রশংসা করেন তিনি।
গত সোমবারে ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ ও নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সংসদ অভিযানের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। হাজার হাজার শিক্ষার্থী ও সমর্থক সেখানে জড়ো হয়ে সংসদ ভবনের দিকে এগোতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে।
তারকা থেকে শুরু করে সমাজের একাংশ পুলিশের এই ভূমিকার সমালোচনা করলেও, নিজের নিরাপত্তা ও পরিস্থিতি বিবেচনা করে উল্টো দিল্লি পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন কঙ্গনা। সংসদের অধিবেশন চলাকালীন মূল ভবনের কাছাকাছি আন্দোলনকারীরা চলে এলে নিরাপত্তার স্বার্থে ভবনের সব প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। সে সময় সংসদের ভেতরে প্রধানমন্ত্রীসহ সরকারের শীর্ষ কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদেরা অবস্থান করছিলেন। ভেতরে নিরাপত্তারক্ষীদের দৌড়াদৌড়ি এবং বাইরের উত্তপ্ত পরিস্থিতিতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়।
আরও পড়ুনসংবাদমাধ্যমের সামনে সেই অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে কঙ্গনা বলেন, ‘আমরা সব সাংসদ তখন সংসদকক্ষের ভিতরে। সকলেই ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিলাম এই ভেবে যে, উন্মত্ত জনতা হয়তো আমাদের উপর হামলা চালাবে। দিল্লি পুলিশ এ দিন ঢাল হয়ে রক্ষা করেছেন।’
সংসদ ভবনের বাইরের এই আন্দোলনকে উদ্দেশ্য করে নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করেন এই অভিনেত্রী। তিনি আরও যোগ করেন, ‘এ ধরনের চাপ সৃষ্টি গ্রহণযোগ্য নয়। ধীরে ধীরে সবাই বিজেপি এবং সনাতন সংস্কৃতির দিকেই ফিরে আসবেন। কারণ, এটাই আমাদের নিজস্ব সংস্কৃতি। বাকি সবই বাইরে থেকে ধার করা।’
মন্তব্য করুন









