ফাইনালে মারামারি
আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে তদন্তে নামল ফিফা
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারে আর্জেন্টিনা। রেফারির শেষ বাঁশি বাজতেই শিরোপা জয় উদযাপনে মাতে স্প্যানিশ ফুটবলাররা। সেই মুহূর্তেই মাঠে ছড়িয়ে পড়ে উত্তেজনা। আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফের সঙ্গে স্পেনের খেলোয়াড়দের সংঘর্ষ বাধে।
ম্যাচ পরবর্তী অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জেরে আর্জেন্টিনা জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু করবে ফিফা। এক বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনার পর ফিফা ডিসিপ্লিনারি কোডের ৩৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।’
বিবৃতিতে আর বলা হয়েছে, ‘ম্যাচ-পরবর্তী ঘটনাগুলোতে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ খতিয়ে দেখতে ফিফা ডিসিপ্লিনারি কমিটি একজন তদন্তকারী নিয়োগ করেছে। তদন্তকারীর প্রতিবেদন জমা দেওয়ার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।’
বিশ্বকাপের ফাইনালে শেষ বাঁশি বাজতেই লিওনেল মেসিসহ আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড় হতাশ হয়ে মাঠে বসে পড়েন। কেউ কেউ স্থির দাঁড়িয়ে ছিলেন, আর স্পেনের খেলোয়াড়রা উল্লাসে মাঠজুড়ে দৌড়াতে শুরু করেন। অতিরিক্ত সময়ে বদলি হয়ে মাঠ ছাড়ার পর বেঞ্চ থেকে সতীর্থদের সঙ্গে উদযাপনে যোগ দিতে ছুটে আসেন স্পেনের রদ্রি। এ সময় তিনি নাহুয়েল মোলিনার পাশ দিয়ে যাওয়ার সময় আর্জেন্টাইন ডিফেন্ডারটি তার বাহু বা পেটে ঘুষি মারেন বলে মনে হয়।
আরও পড়ুনসেখান থেকেই উত্তেজনার সূচনা হয়। এসময় রদ্রি মোলিনার মুখোমুখি হলে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান মোলিনা। এরপর সতীর্থকে সহায়তা করতে এগিয়ে আসেন এরিক গার্সিয়া। তখনই পারেদেস গার্সিয়ার গলায় আঙুল দিয়ে আঘাত করেন। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন স্পেনের বদলি খেলোয়াড় গাভি। তবে তাকে মাটিতে ফেলে দেন থিয়াগো আলমাদা। পরে পারেদেসও গাভির মুখে হাত দিয়ে তাকে ধাক্কা মেরে ফেলে দেন।
একপর্যায়ে সহকারী কোচ রবার্তো আয়ালাকে গার্সিয়ার গলা চেপে ধরতে দেখা যায়। এরপর তাকে স্পেনের মিডফিল্ডার দানি ওলমোকেও আঘাত করতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে, আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিকে এক পর্যায়ে একজন স্প্যানিশ খেলোয়াড় আটকে রাখেন। তখন তাকে কারও উদ্দেশে চিৎকার করতে দেখা যায়। একই সময়ে আর্জেন্টিনার নিকোলাস ওতামেন্দিও স্পেনের অধিনায়ক রদ্রিসহ কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
মন্তব্য করুন







