ইউরোপজুড়ে তাপপ্রবাহে প্রাণ গেল ১০ হাজারের বেশি মানুষের
গত জুনের শেষ দিকে ইউরোপজুড়ে টানা আট দিনের তাপপ্রবাহে ১০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ইউরোপভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ইউরোমোমো রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউরোমোমোর তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭টি সদস্য দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহে এসব মৃত্যু ঘটে। মৃতদের মধ্যে প্রায় ৯ হাজার জনের বয়স ৬৫ বছর বা তার বেশি।
সংস্থাটির কর্মকর্তা এবং ডেনমার্কের স্ট্যাটেন্স সেরাম ইনস্টিটিউটের প্রধান চিকিৎসক লাসে ভেস্টারগার্ড রয়টার্সকে বলেন, অধিকাংশ মানুষের মৃত্যু হয়েছে প্রচণ্ড গরমে হিট স্ট্রোক এবং তাপজনিত হৃদ্যন্ত্র ও শ্বাসতন্ত্রের জটিলতায়। তাঁর ভাষায়, বছরের এ সময়ে এত অল্প সময়ের মধ্যে এত বেশি মৃত্যু স্বাভাবিক নয়।
ইউরোমোমোর প্রতিবেদনে দেশভিত্তিক মৃত্যুর সংখ্যা উল্লেখ না করা হলেও বলা হয়েছে, ফ্রান্স ও বেলজিয়ামে প্রাণহানির সংখ্যা তুলনামূলক বেশি।
আরও পড়ুনসরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাপপ্রবাহজনিত কারণে ইইউভুক্ত কয়েকটি দেশে প্রতি সপ্তাহে গড়ে প্রায় ৫০০ জনের মৃত্যু হচ্ছে।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (ইসিডিসি)-এর তথ্য অনুযায়ী, ইউরোপে এক সপ্তাহে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হয়েছিল কোভিড-১৯ মহামারির সময়। ২০২০ সালের মে-জুনে এক সপ্তাহে দেড় হাজারেরও বেশি মানুষের মৃত্যু নথিভুক্ত হয়েছিল।
বিজ্ঞানীদের মতে, জুনের এই তাপপ্রবাহের পেছনে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের বড় ভূমিকা রয়েছে। তাঁদের আশঙ্কা, ভবিষ্যতে ইউরোপে এ ধরনের তীব্র ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ আরও ঘন ঘন দেখা যেতে পারে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








