আগামীর বাংলাদেশে নতুন করে কাউকে শেখ হাসিনা হতে দেবো না : সারজিস
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইলে আয়োজিত পদযাত্রা ও পথসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ভবিষ্যতের বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনার মতো একক ক্ষমতার প্রতীক হতে দেওয়া হবে না।
বুধবার (৮ জুলাই) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শেখ হাসিনার আমলে একটি রোগ ছিল—সবাই খারাপ, শুধু শেখ হাসিনা ভালো। আগামী বাংলাদেশে আমরা সেই সংস্কৃতি আর হতে দেব না।”
সংসদের কার্যক্রমের সমালোচনা করে সারজিস আলম বলেন, সংসদে অনেক সময় এমন বক্তব্য দেওয়া হয়, যেন দেশে কোনো সমস্যাই নেই। তিনি উপস্থিত জনতার উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, “আপনারাই বলুন, বাংলাদেশে সমস্যা আছে কি নেই?”
বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তিনি বলেন, লোডশেডিংকে ভিন্নভাবে উপস্থাপন না করে মানুষের ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করাই সরকারের দায়িত্ব।
সরকারের উদ্দেশে সারজিস আলম বলেন, “তারেক রহমান, গণঅভ্যুত্থানের পর আপনি বাংলাদেশে এসেছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার দলের নেতাকর্মীরা যদি সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক কিংবা সাধারণ মানুষের ওপর নির্যাতনের সঙ্গে জড়িত থাকে, তাহলে সেই দায়ও আপনাকেই নিতে হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্বশীল আচরণের মাধ্যমে হারানো আস্থা ও সম্মান পুনরুদ্ধার করতে হবে। তার ভাষায়, ক্ষমতাসীন যে দলই থাকুক না কেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে।
আরও পড়ুনসীমান্ত পরিস্থিতি নিয়েও বক্তব্য দেন সারজিস আলম। তিনি বলেন, ভবিষ্যতে সীমান্তে হত্যাকাণ্ড, পুশ-ইন বা দেশের সার্বভৌমত্বের ওপর কোনো ধরনের হুমকি তৈরি হলে রাজনৈতিক পরিচয় না দেখে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে।
পথসভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক তুষার সারোয়ারও বক্তব্য দেন। তিনি বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন এবং আওয়ামী লীগকে উদ্দেশ করে বলেন, দলটি রাজনীতি করতে পারে, তবে নতুন করে কোনো ষড়যন্ত্রের পথে না যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে পরবর্তী কর্মসূচির জন্য সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








