বৃষ্টি-ভেজা পরিবেশ উপেক্ষা করে ঢাবিতে ব্রাজিল ভক্তদের উন্মাদনা
ঢাবি প্রতিনিধি: টানা বৃষ্টি, ভেজা পরিবেশ কোনো কিছুই থামাতে পারেনি ব্রাজিল ভক্তদের উন্মাদনা। ব্রাজিল ও নরওয়ের মধ্যকার বিশ্বকাপ ফুটবল ম্যাচ উপভোগ করতে রোববার রাত থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে জড়ো হন শত শত সমর্থক। খেলা শুরুর আগ থেকেই ব্রাজিলের জার্সি, পতাকা ও ব্যানার নিয়ে টিএসসিতে অবস্থান নেন তারা। বৃষ্টির কারণে খেলার প্রতি আগ্রহে কোনো ভাটা পড়েনি। খেলার আগ মুহূর্তে করতালি, বাঁশি আর ‘ব্রাজিল, ব্রাজিল’ স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
টিএসসিতে খেলা দেখতে আসা এক সমর্থক বলেন, বৃষ্টি আমাদের জন্য কোনো বাধা নয়। ব্রাজিলের খেলা মানেই অন্যরকম অনুভূতি। প্রিয় দলের জন্য রাত জেগে, ভিজে হলেও খেলা দেখতে এসেছি।
আরেক সমর্থক বলেন, বন্ধুদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখার আনন্দই আলাদা। বৃষ্টির কারণে পরিবেশ আরও উপভোগ্য হয়ে উঠেছে। আজকে ব্রাজিল বনাম নরওয়ের খেলা। খেলায় ব্রাজিল জিতবে বলে আমাদের আশা।
আরও পড়ুনবিশ্বকাপকে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে খেলা দেখার আয়োজন থাকলেও বরাবরের মতো টিএসসিই ছিল ফুটবলপ্রেমীদের অন্যতম প্রধান মিলনমেলা। আর বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল-নরওয়ে ম্যাচ দেখতে আসা সমর্থকদের উপস্থিতি সেই উন্মাদনাকে আরও একধাপ বাড়িয়ে দেয়।
মন্তব্য করুন









