ফুটবল খেলা দেখা নিয়ে দ্বন্দ্ব, সালিশে কোপে আহত বিএনপি নেতার মৃত্যু
রাজধানীর আদাবরের নবোদয় বাজারে একটি সালিশ বৈঠক চলাকালে ধারালো অস্ত্রের হামলায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল বাসার বাদশা নিহত হয়েছেন। একই ঘটনায় ইউনিটটির সভাপতি মো. সাদ্দাম গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে আদাবর থানার নবোদয় বাজারে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মো. আবুল বাসার বাদশা নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক। হামলার পর স্থানীয়রা তাকে ও আহত সভাপতি মো. সাদ্দামকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে বাদশার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৯ জুন নবোদয় হাউজিং এলাকায় একটি ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে হইচই করলে আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমান নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনকে চড়-থাপ্পড় মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
এর জের ধরে বুধবার রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজারে রঞ্জুর দোকানে বিরোধ মীমাংসার জন্য একটি সালিশ বসে। অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে রিপন, নিরব, পারভেজ ও মাসুমসহ কয়েকজন ধারালো ছুরি ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা হাবিবুর রহমানের পক্ষের লোকজন এবং নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক আবুল বাসার বাদশার ওপর এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
আরও পড়ুনস্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বাদশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্রের দাবি, অভিযুক্ত রিপন, নিরব, পারভেজ ও মাসুম এলাকার কিশোর গ্যাংয়ের সদস্য এবং তারা স্থানীয় ১০০ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিরাজের অনুসারী। তবে এ বিষয়ে মিরাজের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং অভিযোগটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1782932278.jpg)






