যোগ্য দল হিসেবেই জিতেছে ব্রাজিল : আনচেলত্তি
স্পোর্টস ডেস্ক : জাপানের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের জোড়া গোলে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে ব্রাজিল। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে গাব্রিয়েল মার্তেনেল্লির জয়সূচক গোলে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। খেলা শেষে সেলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, এই জয় তাদেরই প্রাপ্য ছিল।
বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে হিউস্টনে অনুষ্ঠিত শেষ বত্রিশের ম্যাচে জাপানকে ২-১ গোলে হারায় ব্রাজিল। ম্যাচ শেষে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় আনচেলত্তি জানান, যোগ্য দল হিসেবেই জিতেছেন তারা। তিনি বলেন, ‘এই জয়টা আমাদেরই প্রাপ্য ছিল। আমরা গোল হজম করেছি ঠিকই। তবে দল ধৈর্য হারায়নি। প্রথমার্ধেও দল বেশ ভালো খেলেছে। একটি দারুণ ম্যাচ ছিল।’
এদিন ম্যাচের ২৯ মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান। প্রথমার্ধে পিছিয়ে থাকলেও ৫৬ মিনিটে কাসেমিরোর গোলে সমতায় ফেরে ব্রাজিল। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা ৬ মিনিটের পঞ্চম মিনিটে ব্যবধান বাড়ান মার্তিনেল্লি। শেষ পর্যন্ত বদলি খেলোয়াড় হিসেবে নামা মার্তিনেল্লির সেই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
আরও পড়ুনআনচেলত্তি বলেন, ‘প্রতিপক্ষ হিসেবে জাপান কঠিন হলেও ব্রাজিলের জন্য পার্থক্য গড়ে দেওয়ার মতো খেলোয়াড়ের কমতি নেই।’ অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ আরও বলেন, ‘মাঠ ও বেঞ্চ, দুই জায়গাতেই আমাদের হাতে প্রচুর বিকল্প রয়েছে। জাপান মোটেই সহজ কোনো প্রতিপক্ষ নয়। তারা বেশ গোছানো এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই জয়টা আমাদেরই প্রাপ্য ছিল।’
শেষ ষোলোতে আইভরিকোস্ট ও নরওয়ের মধ্যকার ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে ব্রাজিল। আগামী রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন








