বগুড়ায় গাড়ির শোরুমে আগুন
শহর প্রতিনিধি (বগুড়া) : বগুড়া মহানগরের মাটিডালী এলাকায় ‘জারা কার হাউজ ই সল্যুশন’ নামক একটি গাড়ির নতুন শোরুমে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৮ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এই আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস দল আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, শোরুমটিতে মেরামতের কাজ করার সময় একটি গাড়ির তেলের ট্যাঙ্কিতে আগুন লাগলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। সেখানে দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা মুহূর্তের মধ্যে বৃদ্ধি পায় এবং শোরুমের অন্যান্য গাড়ি ও স্থাপনায় তা ছড়িয়ে পড়ে। বগুড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

প্রতিষ্ঠানের মালিকপক্ষের প্রতিনিধি মো. মনোয়ার বলেন, শোরুমটিতে থাকা ১৭-১৮টি গাড়ির মধ্যে ৬টি গাড়ি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েক মাস ধরে নির্মাণাধীন এই শোরুমে প্রায় দুই কোটি টাকা ব্যয় করা হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত গাড়ির মূল্য কমপক্ষে দেড় কোটি টাকা। সব মিলিয়ে প্রায় সাড়ে তিন কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আগুন লাগার পর নিজস্ব অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয় এবং তিন-চার মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থলে পৌঁছায়। এই সময়ের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো কাঠামোতে ছড়িয়ে পড়ে।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছান তারা। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তিনি প্রাথমিক তদন্তে অতিরিক্ত গরম এবং গাড়ি মেরামতের সময় অসাবধানতাকে আগুনের কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির ব্যাপারে তিনি কোন মন্তব্য করেননি।
মন্তব্য করুন



_medium_1782637636.jpg)


_medium_1782591438.jpg)


