ইউরোপে তাপপ্রবাহ
ফ্রান্সের পর এবার জার্মানিতে রেকর্ড তাপমাত্রা
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম ইউরোপজুড়ে বয়ে যাওয়া ভয়াবহ তাপপ্রবাহ এবার পূর্ব দিকে ছড়িয়ে পড়েছে। জার্মানি ও ইতালিতে শনিবার তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জার্মানিতে শুক্রবার রেকর্ড ৪১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ইতালির ১৮টি শহরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট)।
ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড ও জার্মানিতে জুন মাসের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, তাপপ্রবাহটি জার্মানি পেরিয়ে পোল্যান্ডসহ মধ্য ইউরোপের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়তে পারে।জার্মানির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার দেশটির প্রায় সব অঞ্চলের জন্য চরম তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। অধিকাংশ এলাকায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং কোথাও কোথাও তা ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। একই সঙ্গে স্থানীয় কর্তৃপক্ষ জনগণকে প্রয়োজন ছাড়া পানি অপচয় না করার আহ্বান জানিয়েছে।
আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান ডোনারভেটার ডটডিই-এর আবহাওয়াবিদ কার্স্টেন ব্রান্ট বলেন, সপ্তাহান্তে জার্মানির কিছু এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে এবং এ সময়ই তাপপ্রবাহ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে।
ফ্রান্সে এ তাপপ্রবাহে শিশু ও বয়স্কসহ কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার কারণে দেশটিতে রেল চলাচল, বিদ্যুৎ উৎপাদন ও বিভিন্ন উন্মুক্ত অনুষ্ঠান ব্যাহত হয়েছে। কিছু এলাকায় স্কুল বন্ধ রাখা হয়েছে এবং অ্যালকোহল বিক্রিতেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।
ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় মিলান, রোম, তুরিন, ভেনিস, জেনোয়া, ফ্লোরেন্স ও বোলোনিয়াসহ ১৮টি শহরে শনিবার ও রোববারের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। কয়েকটি এলাকায় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র গরমের কারণে ইতালীয় সংগীতশিল্পী লোরেদানা বের্তে চিকিৎসকদের পরামর্শে রোববারের নির্ধারিত একটি কনসার্ট বাতিল করেছেন।
আরও পড়ুনতীব্র গরমে অবকাঠামোর ওপরও চাপ বেড়েছে। অতিরিক্ত তাপে সড়ক বাঁকিয়ে যাওয়া, রেললাইন প্রসারিত হওয়া এবং বজ্রঝড় ও দাবানলের কারণে সিগন্যাল ও বিদ্যুৎ লাইনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জার্মানির রাষ্ট্রীয় রেল অপারেটর ডয়চে বান আগামী সপ্তাহের শুরু পর্যন্ত দূরপাল্লার ট্রেনের টিকিট বিনা খরচে বাতিল বা পরিবর্তনের সুযোগ দিয়েছে। এছাড়া ন্যাশনাল এক্সপ্রেস সম্ভাব্য ঝুঁকি এড়াতে নর্থ রাইন-ওয়েস্টফালিয়া অঙ্গরাজ্যের রাইন-রুর-এক্সপ্রেস লাইনের ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে।
তাপপ্রবাহের কারণে রোববার ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিতব্য আয়রনম্যান ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সাইক্লিং ও দৌড়ের পথও সংক্ষিপ্ত করা হয়েছে। ইউরোপজুড়ে তীব্র গরমে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছে। কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে অনেক হাসপাতাল।
রয়টার্স ক্লাইমেট মনিটরের তথ্য অনুযায়ী, চলমান তাপপ্রবাহে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা প্রায় ১৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি। আবহাওয়াবিদরা বলছেন, ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত একটি বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে এই তাপপ্রবাহ সৃষ্টি হয়েছে। এতে উষ্ণ বায়ুর একটি বিশাল স্তর দী র্ঘ সময় ধরে একটি অঞ্চলের ওপর আটকে থাকে, ফলে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) জানিয়েছে, মাসের শেষ দিকে তাপপ্রবাহটি ধীরে ধীরে মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে সরে যাবে। রোববার থেকে বজ্রঝড়ের কারণে কিছু এলাকায় তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন না হলে এ ধরনের তীব্র তাপপ্রবাহ প্রায় অসম্ভব ছিল। তাদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে চলতি সপ্তাহের অস্বাভাবিক উষ্ণ রাতের সম্ভাবনা দুই দশক আগের তুলনায় প্রায় ১০০ গুণ বেড়ে গেছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








