শেরপুরে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষ, আহত ৮ ডিবি পুলিশ সদস্য
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযানে যাওয়ার পথে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের বহনকারী একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়েছে। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে গেলে ৮ পুলিশ সদস্য আহত হন।
বুধবার (২৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা না গেলেও তারা সবাই শেরপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে শ্রীবরদীতে একটি বিশেষ অভিযানে যাচ্ছিল ডিবি পুলিশের একটি দল। পথে ভারেরা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে তাদের বহনকারী নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গাড়িতে থাকা ৮ পুলিশ সদস্য আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুনস্থানীয়দের দাবি, ভারেরা বাজার এলাকায় কয়েকদিন ধরে সড়কের পাশে ড্রেন নির্মাণকাজ চলছে। এ কারণে রাস্তার এক পাশ খোঁড়া রয়েছে এবং অন্য পাশে নির্মাণসামগ্রী রাখায় সড়কটি সরু হয়ে গেছে। এতে ওই এলাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শেরপুর জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম খান বলেন, ডিবি পুলিশের একটি দল শ্রীবরদীতে বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছে। আহতদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, খাদে পড়ে যাওয়া নোহা মাইক্রোবাসটি উদ্ধারের কাজ চলছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








