নিষিদ্ধ কোনো দল নিয়ে আলোচনা না করাই শ্রেয়: সেতুমন্ত্রী
সড়ক পরিবহন ও যোগাযোগ, সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, জনগণের দাবি ও জাতীয় আকাঙ্ক্ষার ফলেই একটি রাজনৈতিক দল নিষিদ্ধ হয়েছে। জনগণই তাদের বৈধতা কেড়ে নিয়েছে, আর আইন সেই নিষিদ্ধকরণকে স্বীকৃতি দিয়েছে।
আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চর গলগলিয়া এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিত রেলসেতুর ঢাকা প্রান্তের ভায়াডাক্টের নিচে বাংলাদেশ রেলওয়ের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, জাতি নিষিদ্ধ চেয়েছে বলেই দলটি নিষিদ্ধ হয়েছে। তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে, জনগণ তাদের দেশ ছাড়তে বাধ্য করেছে। রাজনৈতিক দলের বৈধতা জনগণই দেয়। এখন জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে, আর আইনও তাদের নিষিদ্ধ করেছে। ফলে নিষিদ্ধ কোনো দল নিয়ে আলোচনা না করাই শ্রেয়।
সরকারি জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্থ অব্যবহৃত জায়গা চিহ্নিত করা হচ্ছে বলেও জানান শেখ রবিউল আলম।
তিনি বলেন, এক একরের বেশি, এক একরের নিচে এবং তিন একরের বেশি— এভাবে জমিগুলো শ্রেণিভুক্ত করা হচ্ছে। তিন একরের বেশি আয়তনের জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা রয়েছে। এমন প্রতিটি স্থানে প্রায় এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।
মন্ত্রী জানান, এসব স্থানে সোলার প্যানেল স্থাপন করে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয়ভাবে ব্যবহার করা হবে। অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডেও সরবরাহ করা হবে।
আরও পড়ুনপ্রধানমন্ত্রীর ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় রেলপথ মন্ত্রণালয়ের বৃক্ষরোপণ কার্যক্রম উদ্বোধনকালে শেখ রবিউল আলম পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশবাসীকে আরও বেশি করে বৃক্ষরোপণের আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আবদুল্লাহ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এবং পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1782208736.jpg)
_medium_1782208368.jpg)
_medium_1782207183.jpg)
_medium_1782206911.jpg)




