বগুড়াকে আধুনিক ও ‘ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চাই : সিটি প্রশাসক স্বাধীন
স্টাফ রিপোর্টার: বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন বলেছেন, বগুড়া উত্তরাঞ্চলের অন্যতম ব্যস্ততম শহর। মহানগরের প্রধান সমস্যাগুলো হলো যানজট, ফুটপাত দখল এবং যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা।
বিগত ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ সময়ে এখানে উন্নয়নমূলক কাজ না হওয়ায় শহরটি নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধান করে বগুড়াকে একটি আধুনিক ও ‘ক্লিন সিটি’ (পরিচ্ছন্ন শহর) হিসেবে গড়ে তুলতে আমরা নগরবাসীর সহযোগিতা চাই। এ লক্ষ্যে নগর পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের একযোগে কাজ করতে হবে।
আজ সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টায় বগুড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা সহায়ক কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুনসিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মো. সাইদ আলীর সঞ্চালনায় সভায় অংশ নেন জেলা প্রশাসকের প্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপপরিচালক (উপসচিব) রাজিয়া সুলতানা, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান এবং সিটি কর্পোরেশনের সচিব মোছা. পপি খাতুনসহ কমিটির জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ। এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সভায় নগরীর যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ রিকশা নিয়ন্ত্রণ ও নতুন লাইসেন্স প্রদান এবং সপ্তপদী মার্কেটের পুরোনো ভবন ভেঙে আধুনিক বহুতল শপিং মল নির্মাণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য করুন







