ভিডিও সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১৫ জুন, ২০২৬ ১১:০৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, বৃদ্ধকে ফেরাল বিএসএফ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, বৃদ্ধকে ফেরাল বিএসএফ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে এক ভারতীয় বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক পুশব্যাকের (অনুপ্রবেশ) চেষ্টা চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও স্থানীয় গ্রামবাসীর তীব্র প্রতিরোধের মুখে বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। তীব্র উত্তেজনার পর গতকাল রোববার রাতে সীমান্ত এলাকার লাইট বন্ধ করে ওই বৃদ্ধকে নিজেদের হেফাজতে ফেরত নিয়ে গেছে বিএসএফ।

এর আগে গতকাল রোববার সকালে হাটখোলা সীমান্তের ২৭৯ নম্বর প্রধান পিলারের ২৭ নম্বর সাব-পিলার এলাকায় এই পুশব্যাকের চেষ্টার ঘটনা ঘটে। এরপর থেকে ওই বৃদ্ধকে সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) বসিয়ে রাখায় দিনভর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে সীমান্তসংলগ্ন ফসলি মাঠে কয়েকজন স্থানীয় কৃষক কাজ করছিলেন। এ সময় আনুমানিক ৭০ থেকে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে ঘোরাঘুরি করতে দেখে কৃষকদের সন্দেহ হয়। ওই বৃদ্ধ কৃষকদের কাছে এসে ক্ষুধার্ত অবস্থায় খাবার ও পানি চান।

কথোপকথনের একপর্যায়ে তিনি নিজেকে ভারতের নাগরিক বলে পরিচয় দেন এবং জানান ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাকে জোরপূর্বক তাড়িয়ে বাংলাদেশ ভূখণ্ডে পাঠিয়ে দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে কৃষকরা তাৎক্ষণিকভাবে হাটখোলা বিজিবি ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয় গ্রামবাসীর সহায়তায় ওই বৃদ্ধকে আবার ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠান। কিন্তু বিএসএফ সদস্যরা তাকে ভেতরে না নিয়ে সীমান্তের শূন্যরেখার একটি ডোবার মধ্যে বসিয়ে রাখে।

আরও পড়ুন

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শূন্যরেখার ডোবাটিতে ওই বৃদ্ধ দীর্ঘক্ষণ বসে ছিলেন। ডোবার এপারে সতর্ক অবস্থানে ছিলেন বিজিবি সদস্য ও উৎসুক স্থানীয় গ্রামবাসী, আর ওপারে অবস্থান নিয়েছিল বিএসএফ।
এই ঘটনাকে কেন্দ্র করে দুই বাহিনীর মধ্যে দিনভর উত্তেজনা বিরাজ করলেও বিজিবির কড়া নজরদারি ও প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটে বিএসএফ। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

হাটখোলা গ্রামের বাসিন্দা কামাল হোসেন বলেন, লোকটিকে খুবই ক্লান্ত ও তৃষ্ণার্ত মনে হচ্ছিল। তিনি আমাদের কাছে পানি চাইলে মানবিক কারণে আমরা তাকে পানি দিই। পরে বিজিবি এসে তাকে ভারতের দিকে ফেরত পাঠায়। কিন্তু বিএসএফ আবার তাকে শূন্যরেখায় বসিয়ে রাখে। এমন পরিস্থিতিতে আমরা উদ্বিগ্ন। তিনি আরও জানান, ভারতের মথুরাপুল বিএসএফ ক্যাম্পের আশেপাশে বেশ কিছু মানুষকে জড়ো করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে। স্থানীয়দের আশঙ্কা, তাদেরও বাংলাদেশে পুশইন করার চেষ্টা করা হতে পারে।

সীমান্তে দায়িত্ব পালনকারী বিজিবির নায়েব সুবেদার মাহবুবুর রহমান বলেন, “বিএসএফ এক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করেছিল। আমরা তাকে পুশব্যাক করেছি; তিনি ভারতেরই নাগরিক। সীমান্তে বর্তমানে সতর্কাবস্থা বিরাজ করছে এবং আমরা সর্বোচ্চ সজাগ রয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, বৃদ্ধকে ফেরাল বিএসএফ

সন্তানদের নামে ইউনিয়নের নামকরণের অভিযোগ: ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

‘প্রেমিকের দায়িত্ব’ আগে

বগুড়ার আদমদিঘীতে চার মাদকসেবী ও কারবারির কারাদন্ড

সিট বণ্টন নীতিমালা সংস্কার ও শাহবাগ থানায় হামলায় জড়িত ছাত্রদল নেতাদের বিচারের দাবিতে শিবিরের স্মারকলিপি প্রদান 

বগুড়ার কাহালু’র জামগ্রামে বিষধর পদ্মগোখরো উদ্ধার, নির্জন স্থানে অবমুক্ত করা হলো