কাতারের নারী ক্রিকেট দলের প্রধান কোচ বাংলাদেশের ফাতেমা
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার দীর্ঘ না হলেও কোচিং পেশায় একের পর এক সাফল্যের চূড়া ছুঁয়ে যাচ্ছেন বাংলাদেশের ফাতেমা তুজ জোহরা। মালদ্বীপ ও চীনের পর এবার কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ নারী দলের সাবেক এই ক্রিকেটার।
ফাতেমা তুজ জোহরার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৭ সালে। তবে খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার দীর্ঘ হয়নি। মাত্র ৩টি ওয়ানডে খেলেই ইতি টানেন আন্তর্জাতিক ক্যারিয়ারের। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে নিজেকে যুক্ত করেন কোচিংয়ে। এরপর দীর্ঘ এক দশকেরও বেশি সময় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) কোচ হিসেবে কাজ করে নিজেকে দক্ষ করে গড়ে তোলেন।
কোচিং ক্যারিয়ারের শুরুতেই দেশের জাতীয় দলের সঙ্গে কাজের সুযোগ পান ফাতেমা। ২০১১ সালে নারী দলের সহকারী কোচ হিসেবে তিন মাস দায়িত্ব পালন করেন তিনি। পরবর্তীতে ২০১৭ সালে স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ হিসেবেও চার মাস দায়িত্ব পালন করেন। পরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও অভিজ্ঞতা অর্জন করেন ফাতেমা। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ক্রিকেটে চুক্তিভিত্তিক কাজ করেছেন তিনি, যা তার কোচিং ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করে।
আরও পড়ুনএরপর ২০২২ সালে বিকেএসপি ছাড়ার পর মালদ্বীপ ক্রিকেটের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন ফাতেমা তুজ জোহরা। সেখানে টানা দুই বছর কাজ করে দলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
পরে মালদ্বীপ অধ্যায় শেষ করে ২০২৪ সালের আগস্টে নতুন চ্যালেঞ্জ নিয়ে চীনে পাড়ি জমান তিনি। সেখানে চীনা ক্রিকেট অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ এবার যোগ দিলেন কাতার দলে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








