বিশ্বকাপে বেশি গোল করবেন মেসি না রোনালদো? ভবিষ্যদ্বাণী এমবাপ্পের
আন্তর্জাতিক ডেস্ক : ফুটবল বিশ্বকাপ ২০২৬ শুরু হতে আর মাত্র ৩ দিন বাকি। ১১ জুন উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে ফুটবলের সবচেয়ে বড় এই আসরের। এরই মধ্যে সর্বোচ্চ গোলদাতা নিয়ে আলোচনায় নিজের পছন্দের কথা জানিয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তাঁর মতে, আসন্ন বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসির চেয়ে বেশি গোল করতে পারেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে সম্ভাব্য সর্বোচ্চ গোলদাতা বাছাইয়ে এমবাপ্পে স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামালকে একাধিক তারকার চেয়ে এগিয়ে রাখেন। পরে নিজের ক্লাব সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়রকে বেছে নিয়ে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের চেয়েও এগিয়ে রাখেন। তবে ভিনিসিয়ুস ও মেসির মধ্যে তুলনায় তিনি মেসিকেই এগিয়ে রাখেন।
কিন্তু মেসি ও রোনালদোর মধ্যে একজনকে বেছে নিতে হলে এমবাপ্পে রোনালদোর পক্ষেই মত দেন। আর নিজের সঙ্গে রোনালদোর তুলনা হলে আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকেই সম্ভাব্য সর্বোচ্চ গোলদাতা হিসেবে বেছে নেন।
আরও পড়ুনএবারের বিশ্বকাপ এমবাপ্পের তৃতীয় আসর। ২০১৮ সালে তিনি ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং ২০২২ সালে দলকে ফাইনালে তুলেছিলেন। অন্যদিকে, মেসি ও রোনালদো রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। তাই অনেকের মতে, এটিই হতে পারে তাঁদের শেষ বিশ্বকাপ।
বিশ্বকাপের পরিসংখ্যানে অবশ্য এগিয়ে আছেন মেসি। আর্জেন্টিনার হয়ে ২৬ ম্যাচে তিনি করেছেন ১৩ গোল এবং ৮টি গোল করিয়েছেন। অন্যদিকে, পর্তুগালের হয়ে ২২ ম্যাচে রোনালদোর গোল ৮টি। তবে বিশ্বকাপের নকআউট পর্বে এখনো কোনো গোল করতে পারেননি তিনি। ২০২৬ বিশ্বকাপে সেই আক্ষেপ ঘোচানোর সুযোগ থাকবে পর্তুগাল অধিনায়কের সামনে।
মন্তব্য করুন









