ঈদে ভক্তদের সুখবর দিলেন পরীমণি
কোরবানির ঈদকে সামনে রেখে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। দীর্ঘদিন পর তার অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’ থেকে প্রকাশ হতে যাচ্ছে নতুন গান ‘জোছনায় ভাসা শহর’। ইতোমধ্যে গানটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ।
প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ জানিয়েছে, ঈদের আগের দিন তাদের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হবে। বিষয়টি সামাজিক মাধ্যমেও নিশ্চিত করেছেন পরীমণি। গানটির কথায় রয়েছে ব্যতিক্রমধর্মী আবেগ ও প্রতিবাদের সুর।
‘কারো ধার ধারছিনা মনে রাখিস, কোনো ছাড় ছাড়ছিনা মনে রাখিস’-এমন কথায় সাজানো গানটি লিখেছেন স্যামুয়েল হক। সুর ও সংগীত পরিচালনায় রয়েছেন জনপ্রিয় সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। কণ্ঠ দিয়েছেন তানযীর তুহীন এবং সংগীতায়োজন করেছেন শাকের রাজা।গানটি প্রসঙ্গে প্রিন্স মাহমুদ বলেন, প্রতি ঈদেই শ্রোতাদের জন্য ভিন্নধর্মী কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন তিনি। এবারও সেই ধারাবাহিকতায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি কাজ উপস্থাপন করা হচ্ছে।
অন্যদিকে শিল্পী তানযীর তুহীন জানান, গানের অনুভূতি ও আবেগকে গুরুত্ব দিয়েই তিনি কণ্ঠ দিয়েছেন। শ্রোতারা গানটির সঙ্গে সংযোগ খুঁজে পেলে সেটিই হবে তার বড় প্রাপ্তি।
সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’ সিনেমায় কাজল চৌধুরী চরিত্রে অভিনয় করেছেন পরীমণি। তার বিপরীতে রয়েছেন অভিনেতা সাইমন সাদিক। সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও তারই লেখা। এছাড়া সিনেমাটিতে আরও অভিনয় করেছেন শহিদুল আলম সাচ্চু, আহসান হাবিব নাসিম ও আমিরুল হক চৌধুরীসহ অনেকে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1779866628.jpg)