বগুড়া সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের ৪৩ লাখ টাকার বোনাস দিলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪৩ লাখ ৫৫ হাজার টাকার বোনাস প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার সন্ধ্যায় ঢাকার গুলশান কার্যালয়ে বগুড়া সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক এম আর ইসলাম স্বাধীন প্রধানমন্ত্রীর কাছ থেকে এ বোনাসের চেক গ্রহণ করেন।
ঈদের আগে এ বোনাস পেয়ে সিটি কর্পোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই মানবিক সহায়তা সিটি কর্পোরেশনের মাস্টাররোলে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আনন্দ ও স্বস্তি এনে দিয়েছে। তাদের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী যে আন্তরিকতা দেখিয়েছেন, তার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।”
আরও পড়ুনতিনি আরও বলেন, “নবসৃষ্ট বগুড়া সিটি কর্পোরেশনের কার্যক্রম গতিশীল করতে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই অনুদান তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে।”
এর আগে, গত বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় প্রশাসক হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনে যোগদান করেন এম আর ইসলাম স্বাধীন। এরও আগে গত ১৮ মে তাঁকে নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








