বিসিবি’র এডহক কমিটি নিয়ে রিটের শুনানি ২১ মে
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠন সংক্রান্ত সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেছে হাইকোর্ট। তামিম ইকবালকে সভাপতি করে গঠিত কমিটি বাতিল চেয়ে করা এই রিট আবেদনের পরবর্তী শুনানি আগামী ২১ মে অনুষ্ঠিত হবে।
আজ সোমবার (১৮ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির জন্য আবেদন করেন রিটকারীদের আইনজীবী মোকাররামুছ সাকলান। পরে আদালত বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শুনানির সময় নির্ধারণ করেন। এর আগে বিসিবির সাবেক দুই সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং ফারুক আহমেদসহ ১২ জন পরিচালক বর্তমান অ্যাডহক বোর্ড বাতিল এবং স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে এই রিট দায়ের করেন।
রিটকারী ১২ জন হলেন-আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ, আসিফ আকবর, খান আবদুর রাজ্জাক, এম নাজমুল ইসলাম, নাজমুল আবেদীন ফাহিম, মো. হাসানুজ্জামান, রাহাত শামস, আবুল বাশার, আদনান রহমান, আহসান ইকবাল চৌধুরী ও খালেদ মাসুদ পাইলট। রিট আবেদনে বলা হয়, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে, যা আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে কি না-সে বিষয়ে রুল জারির আবেদন করা হয়েছে। পাশাপাশি চূড়ান্ত শুনানি শেষে আগের নির্বাচিত কমিটিকে পুনর্বহালের আবেদনও করা হয়।
আরও পড়ুনরিটে যুব ও ক্রীড়া সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি), জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব), বিসিবি’র অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল, বিসিবি’র পক্ষে সচিব, বিসিবি’র প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন, সিআইডি’র অতিরিক্ত মহাপরিদর্শক সিবগাতুল্লাহ এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) বিবাদি করা হয়েছে।
মন্তব্য করুন








