ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ১০:০৭ রাত

আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, দেশ পুনর্গঠন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান।

দেশ পুনর্গঠনই বর্তমান সরকারের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,  ‘আজকে থেকে আমাদের কাজ হবে একটাই, সেটা হচ্ছে দেশ গঠন, রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা।’

প্রধানমন্ত্রী আরও বলেছেন, ‘আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না। আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই। যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশের মানুষের উপকার হবে।’

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের খোর্দ্দ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা পরিকল্পনা গ্রহণ করতে চাই, যেই পরিকল্পনা বাস্তবায়িত হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’

খাল খনন কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৪৮ বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করে দিয়ে গিয়েছিলেন, সেই খাল পুনঃখননের এই অনুষ্ঠান। আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, সেটা হচ্ছে- দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেছেন, যে জাতি নিজেদেরকে সাহায্য করে, আমি তাকে সাহায্য করি।’

তিনি বলেন, ‘এই খাল (খোর্দ্দ খাল) যদি খনন না করি, কৃষক ভাইয়েরা কি পানি পাবে? পাবে না। কাজেই খাল খনন করলে কৃষক ভাইয়েরা পানি পাবে। ঠিক একইভাবে আমরা যদি হাতে হাত মিলিয়ে কাজ করি, বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত যদি একসঙ্গে কাজ করে, ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা পৃথিবীর বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবো।’

আরও পড়ুন

বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা নির্বাচনের আগে জনগণের সামনে যে সকল প্রতিশ্রুতি দিয়েছি, আগামীতে সকল প্রতিশ্রুতি আস্তে আস্তে বাস্তবায়ন করব।’

বিএনপির শক্তির উৎস বাংলাদেশের জনগণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যারা বিএনপি করি, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দল করেছি, আমরা সকলে বলি- জনগণই হচ্ছে আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনাদের শক্তি হচ্ছে আমাদের শক্তি। আপনারা যতক্ষণ আমাদের পাশে থাকবেন, আপনাদের সমর্থন যতক্ষণ থাকবে, আমাদের দেশ গড়ার কাজ ইনশাআল্লাহ চলতে থাকবে।’

দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকে এই খাল কাটা অনুষ্ঠানে আসুন আমাদের প্রতিজ্ঞা হোক, আমাদের শপথ হোক যে, ‘আমরা করবো কাজ, সবার আগে বাংলাদেশ।’

এর আগে বেলা ২টা ৪০ মিনিটে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারের ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন স্থলে পৌঁছে ফলক উন্মোচন করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর খালের তীরে নেমে কোদাল দিয়ে মাটি কাটেন এবং খালের তীরে বৃক্ষরোপণ করেন।

এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু, স্থানীয় সংসদ সদস্য মোমিনুল হক, জেলা বিএনপির সদস্যসচিব সলিম উল্যা সেলিম, শাহরাস্তি উপজেলা সভাপতি আয়াত আলী ভূঁইয়া ও সহসভাপতি আবু ইউসুফ রুপম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় কোরবানি ঈদকে কেন্দ্র করে খামারে শেষ মুহূর্তের ব্যস্ততা

আমাদের লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, দেশ পুনর্গঠন: প্রধানমন্ত্রী

কেন মহিষের নাম রাখলেন ডোনাল্ড ট্রাম্প?

রাজশাহীর গোদাগাড়ীতে এক কেজি হেরোইনসহ কিশোর গ্রেফতার

জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ রেহাই পায়নি, বিএনপিও পাবে নাঃ জামায়াতের আমির

আবু সাঈদ হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেফতার