অত্যাধুনিক অস্ত্রে ‘ফিল্মি স্টাইলে’ গুলি করা হয় শুভেন্দুর সহকারীকে
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে জয়ী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৬ মে) রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়।
জানা যায়, মোটরসাইকেলে করে এসে কয়েকজন দুর্বৃত্ত গুলি করে পালিয়ে যায়। চন্দ্রনাথের পাশাপাশি গুরুতর জখম হয়েছেন গাড়িচালক এবং আরও একজন সহযোগী। অভিযোগ উঠেছে, দুর্বৃত্তরা চন্দ্রনাথের মাথায় গুলি করে। ওই অবস্থায় প্রায় এক কিলোমিটার গাড়ি চালিয়ে চালক তাকে নিয়ে যান মধ্যমগ্রামের বিভা সিটি মাল্টি স্পেশালিটি হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
জানা গেছে, চন্দ্রনাথ যে গাড়িতে আসছিল, তার ঠিক আগেই একটি গাড়ি তার গতিপথ রুদ্ধ করে। পেছনে ছিল তিনটি মোটরসাইকেল। চন্দ্রনাথের গাড়ি থামতেই মোটরসাইকেল থেকে নেমে আসে দুর্বৃত্তরা। এরপরে পরপর পাঁচ রাউন্ড গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ হয়ে গাড়িতেই লুটিয়ে পড়ে চন্দ্রনাথ। বুধবার রাতেই হাসপাতালে গিয়ে আলামত সংগ্রহ করেন ফরেনসিক বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার চন্দ্রনাথের ময়নাতদন্ত বারাসাত জেলা সদর হাসপাতালে হবে বলে জানা গেছে।
আরও পড়ুনএ ঘটনায় রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজি) সিদ্ধিনাথ গুপ্তা জানান, যে গাড়িকে এই অপরাধমূলক ঘটনায় ব্যবহার করা হয়েছে, সেটি বাজেয়াপ্ত করা হয়েছে। দেখে মনে হচ্ছে, গাড়ির নাম্বার প্লেট বিকৃত করা হয়েছে। শিলিগুড়ির নিবন্ধন করা গাড়ি এখানে ব্যবহার করা হয়েছে। এটি ভুয়া নাম্বার প্লেট। ঘটনাস্থল থেকে আমরা গুলির খোসা উদ্ধার করেছি। এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। আমরা তদন্ত চালাচ্ছি।
এ ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেন, দু-দিন ধরে নজরদারি চালিয়ে, একটি ভুয়া নাম্বার প্লেট লাগানো গাড়ি নিয়ে এসে এটা করা হয়েছে। আমি বিজেপি’র কর্মীদের অনুরোধ করব, আপনারা কেউ আইন হাতে নেবেন না। আমরা সরকারে এসেছি, দুই-তিনদিনের মধ্যেই বিজেপি দায়িত্ব নেবে। অভয়ার মতো যাতে বিচারহীন না থাকে, আমরা তার ব্যবস্থা করব। আপনারা শান্তিতে থাকুন, পরিবারের পাশে থাকুন। তিনি আরও বলেন, আমরা মনে করি এর সঙ্গে রাজনীতির যোগ থাকতে পারে। কিন্তু পুলিশ যেহেতু বলেছে তদন্তের স্বার্থে আপনারা কোনো কনক্লুশনে আসবেন না। ওই পরিবারের পাশে বিজেপি আছে। আমরা পরিবারের দায়িত্ব নেব। যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের সুস্থ করতে যা যা করা দরকার, সব করা হচ্ছে।
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক







