বিভাগীয় ক্রিকেট সংস্থাগুলোর কমিটি বিলুপ্ত করলো বিসিবি
তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর তাদের তৃতীয় বোর্ডসভায় তিনটি আঞ্চলিক ক্রিকেট সংস্থার বিলুপ্তি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সোমবার (৪ মে) তৃতীয় বোর্ডসভার পর সংবাদ সম্মেলন না করলেও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম, সিলেট ও বরিশাল এই তিন বিভাগীয় আঞ্চলিক ক্রিকেট সংস্থার আগের অ্যাডহক কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার ৪ মে থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। এর আগে আমিনুলের নেতৃত্বে বিসিবি পরিচালনা পর্ষদ এই কমিটিগুলো দিয়েছিল।
বিসিবি নির্বাচনের কোনো নির্দিষ্ট তারিখ জানায়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে নির্বাচনের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্বাচন আয়োজনের প্রথম পদক্ষেপ হিসেবে শিগগিরই একটি নোটিশ জারি করা হবে। বিসিবি সংবিধানের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী সব বিভাগ থেকে কাউন্সিলর মনোনয়ন আহ্বান করা হবে ওই নোটিশে।
আরও পড়ুনবিসিবি নির্বাচনে ক্যাটাগরি-১ অনুযায়ী জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলো, জেলা প্রশাসকেরা এই মনোনয়ন দেন। ক্যাটাগরি–২ অনুযায়ী ঢাকার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগে খেলা ৭৬টি ক্লাব, সব কটি ক্লাব থেকে একজন করে কাউন্সিলর হন। আর ক্যাটাগরি–৩ এ আছে সাবেক ক্রিকেটার ও বিভিন্ন সংস্থা।
জুনের দ্বিতীয় সপ্তাহে বিসিবি নির্বাচন করতে চাওয়ার কথা আগেই জানিয়েছিলেন সভাপতি তামিম। নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে বোর্ড। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অথবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে একজন প্রতিনিধি এবং বিসিবি মনোনীত দুজন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








