কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূকে মারধরের অভিযোগ এনজিওকর্মীদের বিরুদ্ধে
পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় খাইরুন বেগম (৩৫) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গতকাল শনিবার (২৫ এপ্রিল) দুপুরে ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
ভুক্তভোগী খাইরুন বেগম জানান, গত বছরের ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে তার স্বামী নজির মোল্লা কুয়েতে যান। কিন্তু বিদেশে যুদ্ধ পরিস্থিতি ও নানা সংকটের কারণে তার স্বামী নিয়মিত টাকা পাঠাতে না পারায় কিস্তি পরিশোধ করা সম্ভব হয়নি।
তিনি অভিযোগ করেন, শনিবার দুপুরে কিস্তির টাকা আদায়ের জন্য ধানখালী কোডেক শাখার ম্যানেজার মনিরসহ দুই নারী কর্মী তার বাড়িতে যান। ঘরে টাকা না থাকায় কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে তারা তাকে চুল ধরে টানা-হেঁচড়া, কিল-ঘুষি এবং তলপেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মালা বেগম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। অন্তঃসত্ত্বা একজন নারীকে এভাবে মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আরও পড়ুনকলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ববি মালকার জানান, গৃহবধূর তলপেটে আঘাতের চিহ্ন রয়েছে। আলট্রাসনোগ্রামে ভ্রূণ সুস্থ আছে। তবে ঝুঁকি এড়াতে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কোডেকের ধানখালী শাখার ম্যানেজার মনির। তিনি বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি। এগুলো সব চক্রান্ত করা হচ্ছে আমাদের বিরুদ্ধে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







