বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ-সাবালেঙ্কা, তরুণ ইয়ামাল ও সেরা দল পিএসজি
স্পোর্টস ডেস্ক : মাদ্রিদের সিবেলেস প্যালেসে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘খেলাধুলার অস্কার’ খ্যাত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। ক্রীড়াজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণি অনুষ্ঠানে এবার আধিপত্য ছিল টেনিস তারকাদের, যেখানে শীর্ষ দুই প্রধান পুরস্কারই জিতে নিয়েছেন কার্লোস আলকারাজ ও আরিনা সাবালেঙ্কা।
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারেজ। গত মৌসুমে দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মান অর্জন করেন। ফ্রেঞ্চ ওপেন এবং ইউএস ওপেন দু’টি বড় গ্র্যান্ডস্লাম জয়ের মাধ্যমে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেছেন বিশ্ব টেনিসে। পুরস্কার গ্রহণ করে আবেগঘন প্রতিক্রিয়ায় আলকারাজ বলেন, খেলাধুলা গভীরভাবে বোঝেন এমন ব্যক্তিদের কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া তার জন্য অত্যন্ত অর্থবহ এবং এই রাত তিনি কখনও ভুলবেন না। নারীদের বিভাগে বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন বেলারুশের তারকা আরিনা সাবালেঙ্কা। গত বছর ইউএস ওপেন জিতে তিনি নিজের ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ডস্লাম ট্রফি অর্জন করেন। পুরস্কার হাতে নিয়ে আবেগে আপ্লুত সাবালেঙ্কা বলেন, কিংবদন্তিদের পাশে নিজের নাম দেখতে পাওয়া তার জন্য অবিশ্বাস্য অনুভূতি।
এদিকে বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার উঠেছে বার্সেলোনার ১৮ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামালের হাতে। পুরস্কার গ্রহণ করে তিনি নিজের একাডেমি, পরিবার, সতীর্থ ও কোচিং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানান। বক্তব্যে তিনি, বিশেষভাবে স্মরণ করেন লিওনেল মেসিকে, যাকে তিনি ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে অভিহিত করেন এবং নিজের অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন। দলগত বিভাগে বর্ষসেরা দল হিসেবে স্বীকৃতি পেয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইন। গত মৌসুমে ট্রেবল জয়ের পথে তারা প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপাও ঘরে তোলে, যা তাদের ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি এনে দেয় এই মর্যাদাপূর্ণ পুরস্কার মঞ্চে।
সব মিলিয়ে এবারের লরিয়াস পুরস্কার ছিল টেনিস ও তরুণ প্রতিভার উজ্জ্বল প্রদর্শনী, যেখানে বিশ্ব ক্রীড়াঙ্গনের নতুন তারকারা নিজেদের জায়গা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ক্রীড়াজগতের দুই পরিচিত মুখ নোভাক জোকোভিচ ও আইলিন গু, যারা পুরো আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলেন।
আরও পড়ুন২০২৬ লরিয়াস পুরস্কার বিজয়ী
বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ: কার্লোস আলকারাজ
বর্ষসেরা নারী ক্রীড়াবিদ: আরিনা সাবালেঙ্কা
বর্ষসেরা দল: পিএসজি
বর্ষসেরা ব্রেকথ্রু: লান্দো নরিস
বর্ষসেরা কামব্যাক: ররি ম্যাকলরি
বর্ষসেরা প্রতিবন্ধী ক্রীড়াবিদ: গ্যাব্রিয়েল আরাউহো
বর্ষসেরা অ্যাকশন স্পোর্টসপারসন: চোলে কিম
বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদ: লামিনে ইয়ামাল
বর্ষসেরা স্পোর্টিং ইনস্পাইরেশন পুরস্কার: টনি ক্রুস
আজীবন সম্মাননা: নাদিয়া কোমানিচি
স্পোর্ট ফর গুড পুরস্কার: ফুটবল মাস
মন্তব্য করুন



_medium_1776692522.jpg)
_medium_1776689229.jpg)



