হামের প্রাদুর্ভাব : অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে রিটের শুনানি সোমবার
দেশে হামের প্রাদুর্ভাব বাড়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা এবং অনলাইনে পাঠদান কার্যক্রম চালুর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। এই রিটের শুনানি আগামীকাল সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
আজ রবিবার (১৯ এপ্রিল) রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীস রায়ের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত এ দিন ধার্য করেন।
এর আগে, দেশে হামে আক্রান্ত হয়ে ৪৭ শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়। একই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে। গত ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়। তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনতে অপারগতা প্রকাশ করে।
আরও পড়ুনরিটে উল্লেখ করা হয়, সময়মতো টিকাদান নিশ্চিত করতে ব্যর্থতা, টিকার সরবরাহ বজায় রাখতে না পারা, স্বাস্থ্যসেবা সুবিধা ও জরুরি সাড়া প্রদানে ঘাটতি—এসবই সংবিধানের লঙ্ঘন। এছাড়া হামের টিকা সংগ্রহে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) পৃথক একটি তদন্তের আবেদনও করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক






