ভিডিও বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৬ এপ্রিল, ২০২৬, ১০:৪৯ রাত

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

ছবি : প্রতীকী, বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

স্টাফ রিপোর্টার : শহরের যান্ত্রিকতাকে ছাপিয়ে এখন উৎসবের আমেজ বগুড়া পৌর পার্কে। বগুড়া সাংস্কৃতিক ফোরাম ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী বৈশাখী মেলা বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ছিল তৃতীয় দিন। মেলার শুরু থেকেই দর্শনার্থীদের ভিড় থাকলেও ছুটির আগের দিন হিসেবে আজ উপচেপড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।

বৈশাখের তপ্ত দুপুরে যখন শহরের পিচঢালা পথ থেকে তাপ ঠিকরে বেরোচ্ছে, ঠিক তখনই বগুড়া পৌর পার্কের গহীন ছায়ায় এক অন্যরকম উৎসবের আবহ। ঘাসের ওপর ধুলো ওড়া বিকেলে নাগরদোলার কিড়কিড় শব্দ আর বাঁশির সুর মিলেমিশে তৈরি হয়েছে এক যান্ত্রিকতাহীন পৃথিবী। মেলা প্রাঙ্গণে পা দিতেই যেন উৎসবের সেই রঙ যেন আরও গাঢ়, আরও প্রাণবন্ত হয়ে চোখে পড়ে। ঐতিহ্যের আঙিনায় মাটির ঘ্রাণমেলার প্রধান ফটক দিয়ে ঢুকতেই হাতের বাঁ-দিকে চোখে পড়বে মৃৎশিল্পীদের নিপুণ কারুকার্য। মেলায় আসা পাল মশাইরা সাজিয়ে বসেছেন মাটির সরা, পুতুল আর রঙিন ঘোড়া। প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যাওয়া মাটির সেই সোঁদা গন্ধ যেন দর্শনার্থীদের মনে করিয়ে দিচ্ছে শেকড়ের টান। এক প্রবীণ শিল্পী বলছিলেন, ‘বছরের অন্য সময় কেউ খোঁজ না নিলেও, বৈশাখ এলে মানুষ এই মাটির পুতুলগুলোর মধ্যেই নিজের শৈশব খুঁজে পায়।’

প্রাণের স্পন্দনে মুখরিত প্রাঙ্গণ বিকেল গড়াতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে নানা বয়সী মানুষ ভিড় জমাতে শুরু করেন মেলা প্রাঙ্গণে। কেউ এসেছেন পরিবারের সাথে, কেউবা বন্ধুদের নিয়ে। বৈশাখ মানেই তো রুক্ষ্ম আবহাওয়া ও ভ্যাপসা গরম। যেহেতু বাংলা নববর্ষের আমেজ এখনো শেষ হয়নি তাই শিশু থেকে কিশোর, তরুণ থেকে যুবা সবার পরনেই যেনো এখনো দেখা মিলছে লাল-সাদার পোশাক, যা মেলার পরিবেশে যোগ করেছে এক ভিন্ন মাত্রা। বিকালের হালকা রোদ আর গাছের ছায়ায় ঘেরা পৌর পার্ক যেন এক টুকরো বাঙালিয়ানার প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। পসরা সাজিয়ে বসেছেন কারুশিল্পীরা। মেলার স্টলগুলোতে মাটির তৈরি তৈজসপত্র, বাঁশ ও বেতের শৌখিন সামগ্রী এবং হাতে তৈরি গয়নার পসরা সাজিয়েছেন তারা। বিশেষ করে মাটির তৈরি শখের হাঁড়ি, সরা, গহনা, কাঁচের চুড়ির স্টলগুলোতে ছিল উপচেপড়া ভিড়। মেলার এক কোণে বসা নাগরদোলার কিচিরমিচির শব্দ আর শিশুদের কলকাকলিতে উৎসব পেয়েছে পূর্ণতা।

জিভে জল আনা খাবারের সওদামেলার এক কোণে তাকালে দেখা যায় ধোঁয়া ওঠা বিশাল বিশাল কড়াই। সেখানে ভাজা হচ্ছে মচমচে জিলাপি আর গজা। কদমা, বাতাসা আর খাজা যেন মেলা প্রাঙ্গণে এক মিষ্টি আনন্দের আমেজ ছড়িয়ে দিয়েছে। তবে সবচাইতে বেশি ভিড় লক্ষ্য করা গেছে ঐতিহ্যবাহী ‘ঘটি গরম’ আর ‘হাওয়াই মিঠাই’-এর ফেরিওয়ালাদের ঘিরে। শহরের যান্ত্রিক জীবনে অভ্যস্ত ছোট ছোট শিশুরা বিস্ময় নিয়ে দেখছে কীভাবে কাঁচের বাক্সে বাতাসের মতো হালকা মিঠাই তৈরি হচ্ছে। মেলার অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন লোকজ খেলা। গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরতে আয়োজন করা হয় লাঠিখেলা, পাতাখেলা, সাপখেলাসহ বিভিন্ন গ্রামীণ খেলা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ছিলো সাপখেলা। এসব খেলায় অংশ নিয়ে যেমন প্রতিযোগীরা আনন্দ উপভোগ করেন, তেমনি দর্শকরাও উৎসাহ ও উচ্ছ্বাসে ভরপুর থাকেন।

আরও পড়ুন

সাংস্কৃতিক প্রাণের স্পন্দন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মেলার উন্মুক্ত মঞ্চে শুরু হয় সুরের খেলা। উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ভাওয়াইয়া ও পল্লিগীতি। দোতলার টুংটাং শব্দ আর শিল্পীদের লোকজ সুরে মুগ্ধ হয়ে হাজারো মানুষ মেলা প্রাঙ্গণে থমকে দাঁড়ায়। এছাড়াও মঞ্চে পরিবেশিত হয় লোকসংগীত, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যা মেলার প্রাণকে আরও সজীব করে তোলে। স্থানীয় শিল্পীদের পাশাপাশি নবীণ প্রতিভারাও তাদের পরিবেশনায় দর্শকদের মন জয় করেন। তৃতীয় দিনে মেলা মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে দোলনচাঁপা, উচ্চারণ একাডেমি, বাপ-বেটা বাউলিয়ানা, ক্রিয়েটিভ কালচারাল একাডেমি।

দিনের আলো নিভে যাওয়ার পর যখন পার্কের গাছগুলোতে লাগানো মরিচ বাতিগুলো জ্বলে ওঠে, তখন পুরো পার্কটি যেন এক মায়াবী রূপ ধারণ করে। কেউ ফিরছেন মাটির ব্যাংক হাতে, কেউবা কাঁধে ঝোলা নিয়ে। ফেরার পথে সবার চোখেমুখেই এক চিলতে প্রশান্তি যান্ত্রিক শহরের ব্যস্ততার মাঝেও তারা খুঁজে পেয়েছেন নিজের শেকড়কে। বগুড়ার এই বৈশাখী মেলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হিসেবে আত্মপ্রকাশ করেছে। এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও দর্শনার্থীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া পৌর পার্কে শেকড়ের জয়গান : ধুলো ওড়া বিকেলে স্মৃতির নাগরদোলায় বৈশাখী মেলা

তারেক রহমানের বগুড়ায় আগমন উপলক্ষে শহর বিএনপির প্রস্তুতি সভা

বেরোবিতে শহিদ আবু সাঈদ বইমেলার সমাপনী অনুষ্ঠিত

রাজশাহীতে চলন্ত ট্রেন থেকে পড়ে পলিটেকনিক শিক্ষার্থী আহত

পঞ্চগড়ে বাসাবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ লিটার পেট্রোল উদ্ধার, জেল-জরিমানা

পলাশে কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১