ফিফটির ‘সেঞ্চুরি’ বাবরের
স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইতিহাস গড়ে নতুন মাইলফলক স্পর্শ করেছেন পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম। বুধবার (১৫ এপ্রিল) ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ২৩তম ম্যাচে অপরাজিত ৭১ রানের ইনিংস খেলেন বাবর। মাত্র ৫১ বলে খেলা এই ইনিংসের মাধ্যমে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে নিজের ১০০তম অর্ধশতক পূর্ণ করেন। তথ্য জিও সুপারের।
এই কীর্তির ফলে বাবর আজম টি-টোয়েন্টি ইতিহাসে মাত্র চতুর্থ ব্যাটার হিসেবে ১০০ বা তার বেশি ফিফটির মাইলফলক স্পর্শ করলেন। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, ভারতের বিরাট কোহলি এবং ইংল্যান্ডের জস বাটলার। টি-টোয়েন্টিতে সর্বাধিক অর্ধশতকের তালিকায় শীর্ষে রয়েছেন ডেভিড ওয়ার্নার, যার সংগ্রহ ১২৬টি। দ্বিতীয় স্থানে বিরাট কোহলি (১০৭টি)। জস বাটলার ও বাবর আজমের ঝুলিতে রয়েছে ১০০টি করে অর্ধশতক।

এছাড়া, কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ম্যাচজয়ী এই ইনিংসটি ছিল বাবরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫০ বা তার বেশি রানের ১১০তম ইনিংস। এর মাধ্যমে তিনি ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেইলের রেকর্ড স্পর্শ করেন। ক্যারিবিয়ান কিংবদন্তি ৪৫৫ ইনিংসে সমান সংখ্যক (১১০টি) ৫০-এর বেশি রানের ইনিংস খেলেছিলেন। টি-টোয়েন্টিতে সর্বাধিক ৫০+ রানের ইনিংসের তালিকায় শীর্ষে আছেন ডেভিড ওয়ার্নার (১২৬), দ্বিতীয় স্থানে বিরাট কোহলি (১১৬)। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছেন বাবর আজম ও ক্রিস গেইল (১১০) এবং পঞ্চম স্থানে আছেন জস বাটলার (১০৮)।
মন্তব্য করুন






_medium_1776257116.jpg)

