রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত
রংপুর জেলা প্রতিনিধি : ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা- প্রতিপাদ্যে রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত হয়েছে। আজ সোমবার (৬ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল হক।
রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রমিজ আলমের সভাপতিত্বে রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানুষের মধ্যে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।
তরুণ প্রজন্মকে বিপথগামিতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। এজন্য সরকার খেলার মাঠ দখলমুক্ত ও নতুন মাঠ সৃজনের লক্ষ্যে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে। তিনি বলেন, সরকার ১২৯ জন ক্রীড়াবিদকে মাসিক ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান করেছে। এই কর্মসূচির আওতায় আরও ৫শ’ জন ক্রীড়াবিদের তথ্য যাচাইবাছাই চলছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণের লক্ষ্যে ৭টি ইভেন্টে জেলা ও উপজেলা পর্যায়ে ১২ থেকে ১৪ বছর বয়সী তরুণ-তরুণীর অংশগ্রহণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু করা হবে।
খেলাধুলা এমন এক প্ল্যাটফর্ম যেখানে কোনো বিভেদ নেই। এই খেলাধুলা জাতীয় ঐক্যের প্রতীক। বিশ্বমঞ্চে বাংলাদেশকে তুলে ধরতে রাজনীতিমুক্ত ক্রীড়া অঙ্গণ প্রতিষ্ঠায় তিনি সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। এছাড়াও প্রতিমন্ত্রী দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ক্রীড়াবান্ধব দেশ গঠনের আহ্বান জানান।
আরও পড়ুনঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা ক্রীড়া অফিসার মাসুদ রানা, মহানগর বিএনপি আহ্বায়ক সামসুজ্জামান সামু, রংপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর আহমেদ আজাদ, মেট্রোপলিটন চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি ও ক্রীড়া সংগঠক রুবায়েত হোসেন খান, কোচ শামীম খান মিসকিন, এবি বাবেলসহ সরকারি কর্মকর্তা, বিভিন্ন ক্রীড়া সংস্থার প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী।
এরআগে, দিবসটি উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মন্তব্য করুন







