ভিডিও সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ এপ্রিল, ২০২৬, ০৮:৫১ রাত

বগুড়ার সারিয়াকান্দিতে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ

বগুড়ার সারিয়াকান্দিতে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি:  বগুড়া সারিয়াকান্দিতে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ হয়েছে। ভুট্টা কর্তন শুরু করেছেন কৃষকেরা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন হয়েছে, বাজারে ভালো দাম পেয়ে লাভবান হচ্ছেন কৃষক। এতে তাদের মুখে হাসি ফুটেছে। বিঘা প্রতি ২০ হাজার টাকার বেশি লাভ হচ্ছে।
গত কয়েক বছরের রেকর্ড ভেঙে এ বছর উপজেলায় কৃষকেরা রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ করেছেন।

উপজেলার উপর দিয়ে যমুনা এবং বাঙালি নদী প্রবাহিত হওয়ায় এ উপজেলায় বিশালাকার চরাভূমি রয়েছে। এসব চরাঞ্চলে কৃষকেরা পানিসেচের মাধ্যমে গত কয়েকবছর ধরেই ভুট্টার আবাদ করছেন। পুরো চরাঞ্চলজুরে যেদিকে দুচোখ যায় সেদিকেই এখন শুধু ভুট্টার ক্ষেত।

গত কয়েকমাস আগে বপন করা ভুট্টার গাছ বেশ বড় হয়েছে এবং গাছে গাছে ভুট্টার মোচা পরিপক্ব হয়েছে। কৃষকরা এখন মাঠে মাঠে ভুট্টার গাছ হতে ভুট্টার মোচা সংগ্রহ, সংগৃহীত মোচা ঘোড়ার গাড়িতে  বহন করে বাড়িতে নিয়ে আসা, তা মাড়াই করা এবং শুকনো ভুট্টা বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন।

উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের কৃষক দুলাল কাজী জানান, গত বছর তিনি তার ১০ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছিলেন। বিঘাপ্রতি তিনি কাঁচা প্রায় ৪৫ মণ করে ভুট্টা পেয়েছিলেন যা শুকনায় ৩৫ মণ। যা জমিতেই ১১০০ টাকা মণ করে বিক্রি করেছিলেন। এতে তার লাভ হয়েছিল প্রায় ২০ লাখ টাকা। এ বছর তিনি তার ১৫ বিঘা জমিতে ভুট্টার আবাদ করেছেন।

আশা করছেন গত বছরের মতোই ফলন পাবেন। আগামী সপ্তাহ থেকে তিনি ভুট্টা কর্তন শুরু করবেন। তিনি আরও জানান, এ বছর তার ভুট্টার আবাদে বিঘাপ্রতি ১৫ হাজার টাকার মতো খরচ হয়েছে। আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে এবং তিনি আশা করছেন এ বছরও তার বিঘাপ্রতি ২০ হাজার টাকা করে লাভ হবে। চরের বেশকিছু কৃষক জমি থেকে ভুট্টা সংগ্রহ শুরু করেছেন।

আরও পড়ুন

সারিয়াকান্দি উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, গত বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ৫০০ হেক্টর, অর্জন হয়েছিল ৮ হাজার ৬৫০ হেক্টর। অন্য ফসলের দিকে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ বছর ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৭ হাজার ৫০০ হেক্টর। যা লক্ষ্যমাত্রা পেরিয়ে ৮ হাজার ৮৯৫ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

এ পর্যন্ত ১৭২০ হেক্টর জমির ভুট্টা কর্তন করা হয়েছে। গড় ফলন হয়েছে হেক্টর প্রতি ১০ মেট্রিক টন বা বিঘাপ্রতি প্রায় ৩৩ মণ। বাজারে কৃষকরা শুকনা ভুট্টা প্রতিমণ ১ হাজার টাকা করে বিক্রি করছেন। গত বছরগুলোর মতো এ বছরও কৃষকেরা যুবরাজ, পাইওনিয়ার, প্রেসিডেন্ট, সুপার সাইন, কাবেরীসহ নানা ধরনের উচ্চ ফলনশীল  জাতের ভুট্টার আবাদ করেছেন।

সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, নদীবেষ্টিত সারিয়াকান্দি উপজেলার বিশালাকার চরাভূমি রয়েছে। যার মাটি বেলে দোআঁশ হওয়ায় ভুট্টা চাষের জন্য খুবই উপযোগী। যেখানে গত কয়েকবছর ধরেই কৃষকেরা ভুট্টার আবাদ করে লাভবান হচ্ছেন।

এ বছরও তারা ভুট্টার আবাদ করেছেন। আবহাওয়া ভালো থাকায় ফলন ভালো হয়েছে। বেশকিছু কৃষক ভুট্টা কর্তন করে বাজারে বিক্রি করে ভালো দাম পেয়ে লাভবান হয়েছেন। ভুট্টা চাষের পাশাপাশি কৃষকদের অন্য ফসল চাষের জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সারিয়াকান্দিতে রেকর্ড পরিমাণ জমিতে ভুট্টার আবাদ

বগুড়ার দুপচাঁচিয়ায় মাদক মামলার আসামিসহ গ্রেফতার ৭

চাঁদপুরে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জে পেট্রোল মজুদ ও বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ঈদে সবখানে সফল ইমরান

ভোটার তালিকা সংশোধন বিল পাস