দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালকের মৃত্যু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে অজ্ঞাতনামা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাবলু মিয়া (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভ্যানে থাকা এক যাত্রী আহত হয়েছেন। রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮ ায় ঘোড়াঘাট পৌরসভা এলাকার নিতাইশা নামক মোড়ে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবলু মিয়া গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগলাগাড়ি মাঠপাড়া গ্রামের বাসিন্দা। আহত ভ্যানযাত্রী হারুনুর রশিদ (৪২) একই উপজেলার বৈরী হোসেনপুর এলাকার বাসিন্দা।
আহত হারুনুর রশিদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি গোবিন্দগঞ্জ থেকে ব্যাটারিচালিত একটি ভ্যান রিজার্ভ নিয়ে উপজেলার ওসমানপুর বাজারে আসেন। কাজ শেষে ফেরার পথে নিতাইশা মোড়ে মহাসড়কের ওপর থাকা উঁচু ঢিবিতে ভ্যানের সামনের চাকা উঠে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ভ্যানচালক বাবলু মিয়া সড়কের ডান পাশে ছিটকে পড়ে যান এবং তিনি নিজে বাম পাশে পড়ে যান। ঠিক সেই মুহূর্তে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি দ্রুতগতির ট্রাক বাবলু মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন
মন্তব্য করুন








