ভিডিও রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৫ এপ্রিল, ২০২৬, ০৬:৫৪ বিকাল

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

ভুয়া তথ্যের মাধ্যমে তালিকাভুক্ত হওয়া অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থার অংশ হিসেবে আগস্ট ২০২৪ থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশব্যাপী তদন্ত ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে ইতোমধ্যে ৪৮১ জনের গেজেট বাতিল করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

আজ রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মালিকের নেটিশের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনৈর অষ্টম দিনে সভাপতিত্ব করে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

৭১ বিধিতে দেয়া নোটিশে মোহাম্মদ আব্দুল মালিক দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার সারাদেশের ন্যায় আমার এলাকায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করেছে। এই নিয়ে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের অনেক ক্ষোভ রয়েছে। মিথ্যা তথ্য দিয়ে তালিকাভুক্ত হয়ে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা সেজে অনৈতিক সুযোগ-সুবিধা ভোগ করছে।’

সংসদ সদস্য আব্দুল মালিক তার বক্তব্যে অভিযোগ করেন, ‘বিগত ১৫ বছরে প্রকৃত মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিলেন এবং অনেক অসাধু ব্যক্তি ভুয়া তথ্য দিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্ত করে রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা ভোগ করেছেন। বিশেষ করে সিলেটের বালাগঞ্জ ও দক্ষিণ সুরমার মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এর ব্যাপক প্রভাব পড়েছে।’

জবাবে মন্ত্রী বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান, ভুয়া মুক্তিযোদ্ধা বলতে আসলে কিছু নেই। তবে কিছু সুযোগসন্ধানী ব্যক্তি অসাধু উপায়ে তালিকায় ঢুকে পড়েছে। এদের চিহ্নিত করার কাজ একটি চলমান প্রক্রিয়া। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) উপকমিটি অভিযোগের ভিত্তিতে নিয়মিত শুনানি ও যাচাই-বাছাই করছে। অভিযোগ প্রমাণিত হওয়া মাত্রই তাদের সনদ ও গেজেট বাতিল করা হবে।’

আরও পড়ুন

 

সিলেট অঞ্চলের মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে মন্ত্রী জানান, মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী এবং সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের স্মৃতিবিজড়িত এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রবাসে অবস্থানরত যেসব মুক্তিযোদ্ধা এখনো ডিজিটাল সনদ বা স্মার্ট আইডি পাননি, তাদের আবেদনের প্রেক্ষিতে দ্রুততম সময়ে তা দেয়ার ব্যবস্থা নেয়া হবে।

 

সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে মন্ত্রী আশ্বাস দেন যে, দক্ষিণ সুরমা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের কাজ দ্রুত হস্তান্তর করা হবে। এছাড়া বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ ও সংস্কারের বিষয়টিও সরকারের পরিকল্পনায় রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

মুন্সীগঞ্জে ফেন্সিডিলসহ একজন গ্রেপ্তার

জন্মদিনে বিয়ে করলে কি কোনো ক্ষতি হয়?

চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে পাচার চেষ্টাকালে ৮ বাংলাদেশি উদ্ধার

হামের উপসর্গে এক দিনে আরও ১০ মৃত্যু, আক্রান্ত ৫৪

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২, সংসদে বিল পাস