ভিডিও বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ৩১ মার্চ, ২০২৬, ১০:২৪ রাত

ছাত্রদলের নতুন কমিটিকে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের আহব্বান অন্য ছাত্রসংগঠনগুলোর

ছাত্রদলের নতুন কমিটিকে নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণের আহব্বান অন্য ছাত্রসংগঠনগুলোর

ঢাবি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় কমিটির নতুন নেতৃত্ব শিগগিরই ঘোষণা হতে যাচ্ছে। এই ঘোষণাকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসজুড়ে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ছাত্রসংগঠন নতুন কমিটির প্রতি সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বমুক্ত একটি শিক্ষাঙ্গন গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

ছাত্রসংগঠনগুলোর নেতারা বলছেন, নতুন নেতৃত্বের কাছে শিক্ষার্থীদের প্রধান প্রত্যাশা—নিরাপদ, শান্তিপূর্ণ ও সহাবস্থানের একটি ক্যাম্পাস নিশ্চিত করা। দীর্ঘদিন ধরে দখলদারিত্ব ও সহিংসতার অভিযোগে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে। নতুন কমিটি এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে এসে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সবার।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মিফতাহুল হোসাইন মারুফ বলেন, জুলাই-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন ক্যাম্পাসে গণরুম, গেস্টরুম ও রাজনৈতিক নির্ভরতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার যে ইতিবাচক ধারা শুরু হয়েছে, তা অব্যাহত রাখা জরুরি।

তিনি আশা প্রকাশ করেন, ছাত্রদলের নতুন নেতৃত্ব এই পরিবর্তনকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষাঙ্গনকে ভয়ভীতি ও দমন-পীড়নমুক্ত রাখতে দৃঢ় ভূমিকা পালন করবে। একই সঙ্গে একটি কার্যকর ছাত্রসংসদ নির্বাচনের পক্ষে অবস্থান নেওয়ারও আহ্বান জানান তিনি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, সন্ত্রাস ও দখলদারিত্বের রাজনীতির পরিবর্তে শিক্ষা রক্ষা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের রাজনীতি প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে সব ছাত্রসংগঠনকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রআন্দোলনের সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, একটি ছাত্রসংগঠন তার মূল রাজনৈতিক দলের ভ্যানগার্ড হিসেবে কাজ করে। তাই নতুন নেতৃত্ব নির্বাচনে সাংগঠনিক দক্ষতার পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমকে গুরুত্ব দেওয়া জরুরি। তিনি আরও বলেন, সহিংসতা ও প্রতিহিংসার রাজনীতি থেকে সরে এসে একটি নিরাপদ ক্যাম্পাস ও গুণগত রাজনীতি চর্চার পরিবেশ তৈরি করা সময়ের দাবি।

আরও পড়ুন

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের এক নেতা বলেন, শিক্ষার্থীদের মধ্যে এখনও ভয়ের একটি আবহ রয়ে গেছে। তাই সবার আগে ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করাই নতুন কমিটির প্রধান দায়িত্ব হওয়া উচিত। জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা বলেন, ছাত্রদল অতীতে নানা নির্যাতনের শিকার হয়েছে। তাই এখন তাদের উচিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী কাজ করা।

এদিকে, ছাত্রদলের সম্ভাব্য পদপ্রত্যাশীরা জানিয়েছেন, তারা একটি সহনশীল ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। তারা সব ধরনের সহিংসতা ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা বলেন এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান শাকিল বলেন, ছাত্রদল দেশের অন্যতম নির্যাতিত ছাত্রসংগঠন।

তিনি বলেন, “ব্যক্তিগত স্বার্থ নয়, সংগঠনের আদর্শকে সামনে রেখে কাজ করতে চাই। পদ নয়, দায়িত্বই বড়—এই বিশ্বাস নিয়ে আমরা ঐক্য, সততা ও পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করবো।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন কমিটির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ক্যাম্পাসে আস্থা ফিরিয়ে আনা এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা। এখন দেখার বিষয়, ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবে কতটা প্রতিফলিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়, শিলাবৃষ্টির শঙ্কা

সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ

সব সংস্কার সংবিধানের কাঠামোর ভেতরেই পরিচালিত হবে: আইনমন্ত্রী

বিয়ে করেছেন সিমরিন লুবাবা

জবি আইটি সোসাইটির বার্ষিক কর্মপরিকল্পনা নিয়ে উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুরের বিরামপুরে বৈরী আবহাওয়ায় বহু কাঁচা ইট নষ্ট সময়ের আগেই বন্ধ হচ্ছে ভাটা