ভিডিও মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৫:১৪ বিকাল

অসম্ভবকে সম্ভব করতে ইতিহাদে আজ সিটি’র সামনে রিয়াল

অসম্ভবকে সম্ভব করতে ইতিহাদে আজ সিটি’র সামনে রিয়াল, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের মতো দলের বিপক্ষে ৩—০ গোলের ব্যবধানে জেতাটা চাট্টিখানি কথা নয়। সেই অসম্ভবকে সম্ভব করতে আজ ইতিহাদে নামছে ম্যানচেস্টার সিটি। ইংলিশ ক্লাবটির বস পেপ গার্দিওলা অবশ্য নানাভাবে শিষ্যদের অনুপ্রাণিত করার চেষ্টা করছেন। 

গতকাল সংবাদ সম্মেলনে যেমন তিনি বলেছেন, ‘ফুটবলে অনেক কিছুই হতে পারে।’ এমনকি রিয়ালের ঘুরে দাঁড়ানোর নজিরও তুলে ধরেছেন। তবে গার্দিওলার দলের জন্য দুঃসংবাদ হলো, সুস্থ হয়ে উঠেছেন রিয়ালের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম। তারা দুজনেই স্কোয়াডে আছেন এবং একাদশেও থাকবেন বলে জানা গেছে। রিয়ালের পর্তুগিজ ডিফেন্ডার আলভারো কারেরাসও ফিট হয়ে উঠেছেন। গত ডিসেম্বরে সেল্টা ভিগোর বিপক্ষে হাঁটুতে চোট পেয়েছিলেন এমবাপ্পে। সেই চোট এখনও পুরোপুরি সারেনি, মাঝেমধ্যেই বাগড়া দিচ্ছে। গত মাসে রায়ো ভায়েকানোর বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন বেলিংহাম। দেড় মাস পর স্কোয়াডে জায়গা পেলেন তিনি। আর কারেরাস এ মাসের শুরুতে গেটাফের বিপক্ষে পায়ের পেশিতে চোট পেয়েছিলেন।  

সেরা একাদশের এই তিনজনকে ছাড়াই গত সপ্তাহে সান্টিয়াগো বার্নাব্যুতে সিটিকে ৩—০ গোলে হারিয়ে শেষ আটের পথে এক ধাপ এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। ফিরতি লেগ ইতিহাদে হলেও পূর্ণ শক্তির রিয়ালকে মোকাবিলা মোটেই সহজ কাজ নয়। দুরন্ত ছন্দে আছেন রিয়ালের উরুগুইয়ান মিডফিল্ডার ফেদে ভালভার্দে। সিটির বিপক্ষে হ্যাটট্রিকের পর গত শনিবার এলচের বিপক্ষেও গোল করেছেন তিনি। 

আরও পড়ুন

এই কঠিন ম্যাচের আগে শিষ্যদের নানাভাবে উদীপ্ত করছেন গার্দিওলা, ‘আমাদের ম্যাচের দিকে পূর্ণ মনোযোগ দেওয়া উচিত এবং জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। এরপর দেখা যাক কী হয়।’ সিটি তাকিয়ে আছে আর্লিং হালান্ডের পানে। তবে কিছুদিন ধরেই হালান্ড যেন নিজের ছায়া। সর্বশেষ ১৭ ম্যাচে মাত্র ৪ গোল করেছেন তিনি। গত সপ্তাহে বার্নাব্যুতে হেরে আসার পর শনিবার ওয়েস্টহামের বিপক্ষে ১—১ গোলে ড্র করে প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়ে তারা পিছিয়ে পড়েছেন। এই ম্যাচের আগে শিষ্যদের কড়া বার্তা দিয়েছেন তিনি, ‘ওরা (সিটির ফুটবলার) যদি বিশ্বাস না রাখে, এটা ওদের সমস্যা। ওরা সবাই পরিণত। পারিশ্রমিক তো কম পায় না! ওদের যদি এই বিশ্বাস না থাকে, তাহলে বাড়ি ফিরে যাক, ঘরে থাকুক।’ 

প্রতিপক্ষ রিয়ালের ঘুরে দাঁড়ানোর নজিরও তুলে ধরেছেন তিনি, ‘মাদ্রিদ কি কখনও তাদের ইতিহাসে ঘুরে দাঁড়ায়নি? জানি না কতবার... ৫০ বার তো হবেই। ৩—০ ব্যবধানে পিছিয়ে থেকেও তারা ঘুরে দাঁড়ায়নি? অবশ্যই কাজটা কঠিন। চেষ্টা তো করতে হবে, আমাদের হারানোর কী আছে!’ দুই দলের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জিতেছে রিয়াল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দিন ভোমরা স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি, চলবে যাত্রী পারাপার

অসম্ভবকে সম্ভব করতে ইতিহাদে আজ সিটি’র সামনে রিয়াল

ঈদ যাত্রায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গাড়ির চাপ

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীতে লাগা আগুনে বিপর্যস্ত ৬শ’ নাবিক

পাকিস্তানের সঙ্গে আলোচনা নয় প্রতিশোধ নেবে আফগানিস্তান

মারা গেলেন ৩ ফুট উচ্চতার কনটেন্ট ক্রিয়েটর মারিন