ঈদে ঘরেই তৈরি করুন রঙিন-স্বাস্থ্যকর কোণ মেহেদি
লাইফস্টাইল ডেস্ক : ঈদ মানেই নতুন পোশাক, মিষ্টি আর নারীদের জন্য প্রিয় সাজ—মেহেদি। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশেই বিশেষ অনুষ্ঠানে মেহেদি ব্যবহার জনপ্রিয়, বিশেষ করে বিয়ের আগে মেহেদি উৎসবের আয়োজন করা হয়।
ঈদ সামনে রেখে বাজারে মেহেদি কেনাকাটা শুরু হলেও ভালো ও অর্গানিক মেহেদি পাওয়া এখন বেশ কঠিন। কারণ বাজারে ভেজাল ও নিম্নমানের মেহেদি বেশি। তবে ঘরে বসেই সহজ উপায়ে স্বাস্থ্যকর ও উজ্জ্বল রঙের কোণ মেহেদি তৈরি করা যায়।
প্রয়োজনীয় উপকরণ
-
হেনা পাউডার ১/৪ কাপ (২৫ গ্রাম)
-
চিনি ২ চা চামচ (৮ গ্রাম)
-
এসেনশিয়াল অয়েল ২ চা চামচ (ল্যাভেন্ডা, টি ট্রি বা ইউক্যালিপটাস)
-
সামান্য লেবুর রস
আরও পড়ুন
তৈরির পদ্ধতি
একটি পরিষ্কার পাত্রে হেনা পাউডার নিয়ে তাতে চিনি ও এসেনশিয়াল অয়েল মেশান। চিনি মেহেদি শুকিয়ে যাওয়ার পরও ত্বকে লেগে থাকতে সাহায্য করে। এরপর লেবুর রস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। প্রয়োজনে হ্যান্ড বিটার ব্যবহার করা যেতে পারে।
মনে রাখবেন, এই মিশ্রণে পানি ব্যবহার করা যাবে না। মিশ্রণটি প্লাস্টিক দিয়ে ঢেকে গরম স্থানে প্রায় ২৪ ঘণ্টা রেখে দিন।
২৪ ঘণ্টা পর আবার মিশ্রণটি বিট করে হাতে একটু লাগিয়ে দেখুন। যদি উজ্জ্বল কমলা রঙের দাগ পড়ে, তবে মেহেদি প্রস্তুত। না হলে আরও কয়েক ঘণ্টা ঢেকে রাখুন।
কোণে ভরা ও ব্যবহার
মেহেদি ছেঁকে নিতে পলিথিন ও পাতলা কাপড় বা মোজা ব্যবহার করুন। এরপর র্যাপিং পেপার দিয়ে কোণের আকার তৈরি করে পিন দিয়ে মুখ বন্ধ করুন। পলিথিনে ছোট ছিদ্র করে মেহেদি পেস্ট ভরে নিচের অংশ স্কচটেপ দিয়ে সিল করুন।
এভাবে ঘরে তৈরি কোণ মেহেদি হবে নিরাপদ, উজ্জ্বল রঙের এবং ত্বকের জন্য ক্ষতিকর নয়। ঈদে নিজের হাতে তৈরি মেহেদি ব্যবহার করলে সাজের আনন্দও বেড়ে যাবে।
মন্তব্য করুন









