ইসরাইলে হিজবুল্লাহর দেড় শতাধিক রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক : বুধবার রাতে ইসরাইলের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ অন্তত ১৫০টি রকেট নিক্ষেপ করেছে। চলতি মাসে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এখন পর্যন্ত এটা হিজবুল্লাহর সবচেয়ে বড় আক্রমণ বলে বিবেচিত করা হয়েছে।
একই সময়ে ইরান থেকে ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই হামলাকে একটি ‘সমন্বিত অভিযানে’ রূপ দেয়। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে, এই জোরালো আক্রমণের ফলে দেশটির বিশাল এলাকাজুড়ে সাইরেন বেজে ওঠে এবং লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে হয়।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরাইল—যুক্তরাষ্ট্রের যৌথ বিমান বাহিনীর মধ্যে শুরু হওয়া প্রচণ্ড লড়াইয়ের প্রেক্ষাপটে হিজবুল্লাহ এই নতুন অভিযান শুরু করেছে। মূলত তাদের প্রধান পৃষ্ঠপোষক ইরানের ওপর চলমান হামলা ঠেকাতেই লেবানন থেকে এই পালটাপালটি আক্রমণ চালানো হয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর আইআরজিসি এক বিবৃতিতে নিশ্চিত করেছে, ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে তারা হিজবুল্লাহর সঙ্গে একযোগে এই অভিযান পরিচালনা করেছে। হামলার তীব্রতা এতটাই বেশি ছিল যে গ্যালিলি থেকে শুরু করে হাইফা এবং সীমান্ত থেকে ৫০ কিলোমিটার ভেতরের জনপদগুলোতেও সতর্কতা সংকেত জারি করা হয়।
ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র এবং হিজবুল্লাহর রকেট রুখে দিতে সক্ষম হলেও বেশ কিছু স্থানে আঘাতের খবর পাওয়া গেছে। উত্তর ইসরাইলের বি’ইনা নামক একটি শহরে রকেটের আঘাতে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর ফলে অন্তত দুজন আহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাকে তীব্র আতঙ্কিত অবস্থায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে উদ্ধারকারী দল নিশ্চিত করেছে।
আরও পড়ুনবুধবার রাত থেকে শুরু হওয়া এই তাণ্ডব বৃহস্পতিবার ভোর পর্যন্ত অব্যাহত থাকে। উত্তরাঞ্চলীয় শহর নাহারিয়া, একর এবং হাইফার উপকণ্ঠে ড্রোনের অনুপ্রবেশ ঠেকাতে বারবার সাইরেন বাজানো হয়। হিজবুল্লাহ দাবি করেছে, তারা তেলআবিবের উপকণ্ঠে অবস্থিত ইসরাইলি সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট ৮২০০—এর সদর দপ্তর বা ‘গ্লিলট বেস’ লক্ষ্য করে উন্নত ক্ষেপণাস্ত্রের একটি ব্যারেজ নিক্ষেপ করেছে। ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলের হোশেল হারনিয়েল এলাকায় একটি বাড়িতে সরাসরি রকেট আঘাত হানার খবর পাওয়া গেলেও সৌভাগ্যবশত সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
জবাবে ইসরাইলি বিমান বাহিনী লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়েহ এলাকায় হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিগুলো লক্ষ্য করে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। আইডিএফ জানিয়েছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার এবং অস্ত্র গুদামগুলো গুঁড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করছে। সূত্র : টাইমস অব ইসরাইল
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক








