ভিডিও বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০৭:০৯ বিকাল

টুঙ্গিপাড়ায় নববধূর মৃত্যু, ৬ লাখ টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ

টুঙ্গিপাড়ায় নববধূর মৃত্যু, ৬ লাখ টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নববধূ নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নীর মৃত্যুকে ঘিরে রহস্য ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বামী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ তুলেছেন নিহতের বাবা। এদিকে ঘটনাটি টাকার বিনিময়ে মীমাংসার চেষ্টার অভিযোগ ওঠায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

নিহতের বাবা জাহাঙ্গীর খান সাংবাদিকদের জানান, স্বামী আরিফুল খানসহ তার পরিবারের ৪ থেকে ৫ জন সদস্য মিলে তন্নীকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে হত্যা করেছে। গত ২৪ ফেব্রুয়ারি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া উপজেলার চর গোপালপুর গ্রামের জাহাঙ্গীর খানের মেয়ে তন্নীর সঙ্গে একই গ্রামের জাফর খানের ছেলে আরিফুল খানের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক মাস আগে স্থানীয়দের উপস্থিতিতে তাদের বিয়ে হয়। তবে বিয়ের পর তন্নীকে স্বামীর বাড়িতে নেওয়া হয়নি।

পরবর্তী সময়ে গত ২২ ফেব্রুয়ারি তন্নী স্বেচ্ছায় স্বামীর বাড়িতে গেলে তার কাছে যৌতুক হিসেবে দুই বিঘা জমি দাবি করা হয় বলে অভিযোগ ওঠে। পরদিন তাকে নির্যাতন করে বিষ প্রয়োগ করা হয় এবং অসুস্থ অবস্থায় বাবার বাড়ির সামনে ফেলে রেখে যাওয়া হয় বলে পরিবারের দাবি।

এদিকে অভিযোগ উঠেছে, গত ১ মার্চ কয়েকজন স্থানীয় ব্যক্তি ও এক আইনজীবীর উপস্থিতিতে তন্নীর শ্বশুর জাফর খানের সঙ্গে ৬ লাখ টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। এমনকি ওই টাকা ব্যাংকে জমাও রাখা হয়েছে বলে এলাকায় আলোচনা রয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

আরও পড়ুন

তবে তন্নীর বাবা জাহাঙ্গীর খান মীমাংসার বিষয়টি অস্বীকার করে বলেন, এখনো কোনো আপস হয়নি। অন্যদিকে তন্নীর মা অভিযোগ করেন, তার স্বামীকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। ভয়ের কারণেই মীমাংসার চেষ্টা চলছে বলে তিনি দাবি করেন। তিনি মেয়ের হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী বলেন, ‘হত্যার মতো গুরুতর অপরাধ টাকার বিনিময়ে মীমাংসার কোনো আইনগত সুযোগ নেই। এমন ঘটনা সমাজে নেতিবাচক বার্তা দেয়।

এদিকে আজ (১১ মার্চ) টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ূব আলী জানান, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টুঙ্গিপাড়ায় নববধূর মৃত্যু, ৬ লাখ টাকায় মীমাংসার চেষ্টার অভিযোগ

বইমেলায় গীতিকার ও নাট্যকার রিজভীর ‘সময়ের প্রতিধ্বনি’

মন্ত্রী-এমপিদের মার্জিত ও সতর্ক হতে বললেন প্রধানমন্ত্রী

আড়াইহাজারে পরিবেশ দূষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রটোকল ছাড়াই ছদ্মবেশে সিংগাইর উপজেলা অফিসে হাজির জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মেয়াদ শেষ কেন্দ্রীয় কমিটির, ছাত্রদলে নতুন নেতৃত্বের আলোচনায় ডজনখানেক ছাত্রনেতা