কুয়েতে মিসাইল হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত
মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার বলি হলেন কুয়েতে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী।
কুয়েতে এক মিসাইল হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার রহমতপুর এলাকার বাসিন্দা মোহাম্মদ জাহেদ হোসেন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
নিহত জাহেদ হোসেন রহমতপুর এলাকার কামাল দফাদারের ছোট ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে কুয়েতের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। পারিবারিক সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে হওয়া এক মিসাইল হামলায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রবাসে থাকা সহকর্মীরাই প্রথম তার পরিবারকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুননিহতের ভগ্নিপতি মো. বাবর উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার (৫ মার্চ) কুয়েত সময় বেলা সাড়ে ১১টার দিকে মিসাইল হামলার ঘটনাটি ঘটে। হামলার পরপরই সহকর্মীদের কাছ থেকে আমরা জাহেদের মৃত্যুর খবর জানতে পারি।’
পরিবারের প্রধান উপার্জনকারীকে হারিয়ে জাহেদের বাড়িতে এখন শোকের মাতম চলছে। স্বজন ও প্রতিবেশীরা জানান, জাহেদ নিয়মিত দেশে অর্থ পাঠিয়ে পরিবারের ভরণপোষণ করতেন। তার অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতায় এই নিয়ে সন্দ্বীপের দুই প্রবাসীর প্রাণহানি ঘটল। এর আগে গত রোববার বাহরাইনে ইরানের হামলায় চট্টগ্রামের সন্দ্বীপের আজিমপুর ইউনিয়নের বাসিন্দা আবুল মহসিন ওরফে তারেক (৫২) নিহত হন। মাত্র কয়েক দিনের ব্যবধানে একই উপজেলার দুই প্রবাসীর মৃত্যুতে সন্দ্বীপে শোকের আবহ তৈরি হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








