সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় জামায়াতের আমির ডা. শফিকুর রহমানসহ দলের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী বলেন, আজকে দেশের একটি গুরুত্বপূর্ণ সময়ে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি। কিছুদিন আগে দেশে নির্বাচন হয়েছে, তার মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ গত এক যুগের বেশি সময় ধরে অকাতারে জীবন দিয়েছে। অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে।
তারেক রহমান বলেন, এত ত্যাগের বিনিময়ে আজকে যে গণতন্ত্রের যাত্রা নির্বাচনের মাধ্যমে শুরু হয়েছে, তার সুযোগ পেয়েছি। হাজারও আত্মত্যাগের মাধ্যমে আমরা বাক ও গণতান্ত্রিক স্বাধীনতা অধিকার চর্চার সুযোগ পেয়েছি। তার জন্য প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।
প্রধানমন্ত্রী বলেন, হাজারো মানুষের আত্মত্যাগের মাধ্যমে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। তাই এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে।
আরও পড়ুনতারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে জনগণ। তাই তাদের কথা মাথায় রাখতে হবে সবার আগে।
সরকারপ্রধান বলেন, অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে মানুষ তাকিয়ে আছে। আসুন আল্লাহর নামে শপথ করি আমাদের কাজগুলো হবে মানুষের জন্য। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ও নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি ও সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি সাহিত্যিক, ব্যবসায়ী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








