নরসিংদী জেলার মাধবদীতে বাবার কাছ থেকে জোরপূর্বক তুলে নেওয়ার পর আমেনা আক্তার (১৫) নামে এক কিশোরীকে হত্যার ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় নয়জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে আমেনার মা ফাহিমা বেগম বাদী হয়ে নয়জনকে আসামি করে মাধবদী থানায় এ হত্যা মামলা দায়ের করেন।
এর মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্ততাররা হলেন, এবাদুল্লাহ (৪০), আহম্মদ আলী মেম্বার (৬৩), মো. ইমরান দেওয়ান (৩২) ও মো. আইয়ুব (৩০)।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্র থেকে জানা যায়, প্রায় ১৫ দিন আগে স্থানীয় এক বখাটে চক্র তাকে তুলে নিয়ে ধর্ষণ করে।
এ ঘটনার বিচারের জন্য মহিষাশুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আহমদুল্লাহর শরণাপন্ন হয় কিশোরীর পরিবার। তবে তারা বিচার পাননি। তাদের এলাকা ছেড়ে চলে যেতে বলা হয়েছিল।
অন্যদিকে সাবেক ইউপি সদস্যের কাছে অভিযোগ করায় ক্ষুব্ধ হয় নূরাসহ অন্য তরুণরা।
আরও পড়ুন
এমন পরিস্থিতিতে বুধবার রাতে মেয়েকে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। পথে বিলপাড় এলাকায় পৌঁছালে নূরার নেতৃত্বে ছয় তরুণ ওই কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা। পরে বৃহস্পতিবার সকালে বিলপাড় ও দড়িকান্দি এলাকার মাঝামাঝি একটি সরিষা খেতে ওই কিশোরীর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মাধবদী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
কিশোরীর বড় ভাই বলেন, মেম্বার সাহেব বলছিল, মীমাংসা কইরা দিব। এছাড়া মীমাংসার পর এলাকা ছেড়ে চলে যেতে বলছিল। আমরা তারে বলছিলাম, ১ তারিখে এলাকা ছেড়ে চলে যাব। বুধবার রাত ৮টার দিকে আব্বা তারে নিয়া খালার বাড়ি যাচ্ছিল। পথে বিলপাড় এলাকা পার হওয়ার সময় তাদের দেখতে পেয়ে এগিয়ে আসে নূরাসহ ছয়জন। পরে তারা আমার বোনকে তুলে নিয়ে যায়। সারাটা রাত তারে খুঁজছি। আজ সকালে সরিষা খেতে তার লাশ পাইলাম।
রাজনৈতিক নেতা, সুশীল সমাজ ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সব অপরাধীর গ্রেপ্তার দাবি করেন। তিনি বলেন, নিহতের পরিবার যেন ন্যায়বিচার পায় তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।
শুক্রবার সকালে ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম ঘটনাস্থল পরিদর্শন করবেন বলেও জানা গেছে।