হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা, এটা আমাকে ভীষণ কষ্ট দেয় : গার্দিওলা
স্পোর্টস ডেস্ক : ক’দিন আগে ফিলিস্তিনি শিশুদের পক্ষে কথা বলে আলোচনায় আসেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। নিউক্যাসলের বিপক্ষে আজ রাতে লিগ কাপ সেমিফাইনালের ফিরতি লেগের আগেও একই বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।
গার্দিওলা বলেছেন, বিশ্বজুড়ে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত মানুষের যন্ত্রণা তাকে গভীরভাবে নাড়া দেয়। সে কারণেই মানবিক বিষয়ে কথা বলা চালিয়ে যাবেন। মাঠের বাইরের এসব বিষয় নিয়ে কথা বলতে তিনি থামবেন না। গত সপ্তাহে টটেনহামের বিপক্ষে ড্রয়ের আগে সিটির সংবাদ সম্মেলনে হাজির হননি গার্দিওলা। নিজ শহর বার্সেলোনায় একটি দাতব্য অনুষ্ঠানে ফিলিস্তিনি শিশুদের পক্ষে বক্তব্য দেওয়ার কারণে সেই সংবাদ সম্মেলনে যেতে পারেননি সিটির এই কোচ। কেউ কেউ তাকে শুধু মাঠের বিষয়েই সীমাবদ্ধ থাকার পরামর্শ দিলেও গার্দিওলা স্পষ্ট করে বলেছেন, এখনই থামার পাত্র নন তিনি।
গত মঙ্গলবার রাতের সংবাদ সম্মেলনে বিশ্বজুড়ে সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের নিহত ও আহত হওয়ার খবরের ভিডিও দেখে গভীর কষ্ট অনুভব করেন বলে জানান গার্দিওলা। কথা বলতে গিয়ে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন সর্বকালের অন্যতম সেরা এই কোচ। ফিলিস্তিন, ইউক্রেন ও সুদানে চলমান সংঘাত, পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টদের গুলির ঘটনাও গার্দিওলাকে ক্ষুব্ধ ও বিচলিত করেছে। এসব বিষয় মানুষের দৃষ্টি আকর্ষণ করা জরুরি বলেই মনে করেন তিনি।
গার্দিওলা সাংবাদিকদের বলেন, মানবজাতির ইতিহাসে এই প্রথম আমাদের চোখের সামনে এত স্পষ্টভাবে সবকিছু ভেসে উঠছে। ফিলিস্তিনে গণহত্যা, ইউক্রেনে যা ঘটছে ও রাশিয়ায় যা ঘটেছে, সুদানে কী হচ্ছে এবং সারা বিশ্বে যা ঘটছে; এগুলো মানুষ হিসেবে আমাদের সবার সমস্যা। এমন কেউ কি আছে, যে সারা বিশ্বের এসব ছবি দেখে প্রভাবিত হয় না? আজ আমরা সবকিছু দেখতে পাচ্ছি। আগে তা পারতাম না। অন্য দেশের ক্ষতি চাওয়াটা আমাকে আঘাত দেয়। হাজার হাজার নিরীহ মানুষকে হত্যা করা, এটা আমাকে ভীষণ কষ্ট দেয়।
আরও পড়ুনগার্দিওলা জোর দিয়ে বলেন, যখন মতাদর্শ রক্ষার নামে যদি হাজার হাজার মানুষকে হত্যা করতে হয়! দুঃখিত, আমি তখন দাঁড়াবই। সব সময়ই দাঁড়াব। যারা নিজেদের দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, সাগরে নৌকায় উঠে বাঁচার চেষ্টা করে, তারা ঠিক না ভুল সেটা প্রশ্ন নয়, আগে তাদের উদ্ধার করা দরকার। কারণ তারা মানুষ।
গার্দিওলার ভাষায়, মানুষ ও মানুষের জীবন রক্ষা করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু এই অঞ্চলে নয়, পৃথিবীর সব জায়গাতেই। প্রযুক্তি আর উন্নতির দিক থেকে মানবজাতি আজ সবচেয়ে সক্ষম। চাঁদে যেতে পারছি, সবকিছুই পারছি। তবু আমরা একে অন্যকে হত্যা করছি। কেন? যখন ছবিগুলো দেখি ভীষণ কষ্ট হয়। তাই যেখানেই সুযোগ পাব, ভালো সমাজ গড়ার জন্য কথা বলব। আমার দৃষ্টিতে ন্যায়বিচার মানেই কথা বলা। চুপ করে থাকা নয়।
মন্তব্য করুন









